জাল নোটসহ স্বামী-স্ত্রী ও শ্যালিকা গ্রেপ্তার
জাল নোট চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা স্বামী, স্ত্রী ও শ্যালিকা। ৮০টি এক হাজার টাকার জাল নোটসহ গত শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন তাজউদ্দিন মাসুদ, স্ত্রী স্বপ্না বেগম ও শ্যালিকা শাহনাজ আক্তার। তাজউদ্দিনের বাড়ি ফেনী সদর উপজেলার মধুয়াই গ্রামে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজউদ্দিন দাবি করেছেন কক্সবাজারের চকরিয়ার বেলাল নামে এক ব্যক্তি জাল নোটগুলো দিয়েছে। চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে এসব নোট ছড়িয়ে দেওয়ার দায়িত্ব ছিল তাঁদের।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গত শুক্রবার রাত ১২টার দিকে বাকলিয়ার তুলাতলি এলাকা থেকে তাজউদ্দিনকে ১০টি এক হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার করা হয়। পরে পাহাড়তলীর গ্রিন ভিউ আবাসিক এলাকার তাজউদ্দিনের বাসা থেকে এক হাজার টাকার আরও ৭০টি জাল নোট উদ্ধার করা হয়। ওই বাসা থেকে স্বপ্না ও শাহনাজকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, বেলালকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।