জাল পেতে অবাধে পাখি শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>এবার হাওরে বালিহাঁস, ভুতিহাঁস, গিরিয়া হাঁস, ল্যাঞ্জা হাঁস, সরালি, গুটি ইগল, কুড়া ইগল, কাস্তেচড়া, কালিমসহ অন্তত ১৫ প্রজাতির পরিযায়ী পাখি এসেছে

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার হাকালুকি হাওরে জাল পেতে অবাধে চলছে পরিযায়ী পাখি শিকার। মাঝেমধ্যে শিকারিদের অপতৎপরতা রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও পাখি শিকার থেমে থাকছে না। শিকারিরা নানা কায়দায় রাতে পাখিদের তাড়া করেন। এতে হাওরে পাখির সংখ্যা কমছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যক্তিরা।

হাওরপারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হাকালুকি হাওরে ছোট-বড়-মাঝারি মিলিয়ে দুই শতাধিক বিলের মধ্যে বাইয়া, হাওরখাল, গজুয়া, রঞ্চি ও কালাপানি জলাশয়েই পরিযায়ী পাখির সংখ্যা বেশি।
হাওরের আশপাশের ফেঞ্চুগঞ্জ উপজেলার যুধিষ্ঠিপুর, নিজ ঘিলাছড়া, বাদে দেউলি ও আশিঘর গ্রামের ১২ জন বাসিন্দা বলেন, হাওরের ফেঞ্চুগঞ্জ অংশে সাধারণত রাতে জাল পাতেন শিকারিরা। পাখিরা এক স্থান থেকে আরেক স্থানে উড়ে যাওয়ার সময় জালে আটকা পড়ে। এ ছাড়া শিকারিরা পাখির খাবার ফেলে রাখে বিলের পারগুলোতে। পাখিরা খাবার খেতে এসে শিকারির ফাঁদে আটকা পড়ে। এসব পাখি ফেঞ্চুগঞ্জসহ স্থানীয় হাটবাজারে বিক্রি হয়। এমনকি বস্তায় ভরে এসব পাখি জেলা শহর সিলেটেও নিয়ে বিক্রি করছেন শিকারিরা। সকালে এসব জাল ও খাবার সরিয়ে নেন শিকরিরা।
স্থানীয় ব্যক্তিরা বলেন, এবার হাওরে বালিহাঁস, ভুতিহাঁস, গিরিয়া হাঁস, ল্যাঞ্জা হাঁস, সরালি, গুটি ইগল, কুড়া ইগল, কাস্তেচড়া, কালিম, টিটি, পেডিসহ অন্তত ১৫ প্রজাতির পরিযায়ী পাখি এসেছে। তবে বালিহাঁসের সংখ্যাই বেশি। এসব পরিযায়ী পাখি ছাড়াও সাদা বক, কানি বকসহ দেশীয় প্রজাতিরও নানা পাখি রয়েছে।
যুধিষ্ঠিপুর গ্রামের বাসিন্দা ওয়াহিদ হোসেন বলেন, হাকালুকি হাওরকে ঘিরে অন্তত ৪০ জন শিকারি তৎপর রয়েছেন। প্রতিদিন রাতে এসব শিকারি কয়েক শ পাখি শিকার করে নিচ্ছেন। একই গ্রামের আরও কয়েকজন বাসিন্দা বলেন, ওজন ও প্রজাতিভেদে এক হালি পরিযায়ী পাখি ৪০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে উপজেলার নুরজাহানপুর গ্রামের ফারুক মিয়া পরিযায়ী পাখি বিক্রি করতে উপজেলা সদরের বাজারে এসেছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে পাখিসহ আটক করে তিন মাসের কারাদণ্ড দেন। সোমবার সকালে ঘিলাছড়া গ্রামের পাশে একটি বস্তাভর্তি মৃত পরিযায়ী পাখি দেখতে পেয়ে উপজেলা প্রশাসনকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ইউএনও হুরে জান্নাতের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে মৃত পাখিগুলো জব্দ করে মাটিতে পুঁতে ফেলেন।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ হানিফ বলেন, ‘পরিযায়ী পাখিশিকারিদের তৎপরতা বেড়ে যাওয়ায় তা রুখতে হাকালুকি হাওরের আশপাশে পুলিশের টহল বাড়ানো হয়েছে। প্রয়োজনে রাতের বেলা এবং ভোরেও এসব এলাকায় আরও নজরদারি বাড়ানো হবে।’
এ ব্যাপারে ইউএনও প্রথম আলোকে বলেন, ‘পাখি শিকার ও বিক্রির অপতৎপরতা বন্ধে আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।’