জাল বিতরণে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে জেলেদের পুনর্বাসন সহায়তার জাল ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই জালও নিম্নমানের হওয়ায় জেলেরা নিতে চাননি। চাপের মুখে তাঁরা ওই জাল নিতে বাধ্য হন।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত নদীতে নয় ইঞ্চির ছোট ইলিশ ধরা বন্ধ করে সরকার। এ সময় জেলে পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে মার্চ থেকে জুন মাস পর্যন্ত শরীয়তপুর জেলার ১২ হাজার ১৩৪ জন জেলের পরিবারকে ৪০ কেজি করে চাল দেওয়া হয়। পাশাপাশি এক হাজার জেলেকে মাছ ধরার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। তাঁদের ছান্দি জাল দেওয়ার জন্য প্রত্যেককে ১০ হাজার টাকা করে বরাদ্দ দেয় মন্ত্রণালয়। উপজেলা মৎস্য বিভাগ দরপত্র আহ্বান করে হুমায়ুন এন্টারপ্রাইজ ও রিয়াদ ইন্টারন্যাশনাল নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে জাল কেনে। প্রত্যেক জেলেকে ১৬ কেজি করে জাল সরবরাহ করার কথা।
উপজেলার বিভিন্ন গ্রামের জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রশিক্ষণপ্রাপ্ত ওই জেলেদের ভেদরগঞ্জ, গোসাইরহাট ও নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জাল সংগ্রহের জন্য বলা হয়। তাঁরা জাল নিতে এসে দেখেন, নিম্নমানের জাল কেনা হয়েছে; যার দাম প্রতি কেজি ৩৫০ থেকে ৪০০ টাকা। অথচ দরপত্রে ৬২৫ টাকার জাল সরবরাহের কথা উল্লেখ ছিল। তখন জেলেরা ওই জাল নিতে চাননি। পরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের মাধ্যমে জেলেদের ১০ কেজি করে জাল সরবরাহ করেন।
গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের রেহান উদ্দিন সরদার, কান্দি গ্রামের জেলে জামাল গাজী, নাছির হাওলাদার, দক্ষিণ কোদালপুর গ্রামের গিয়াস উদ্দিন সরদার বলেন, প্রত্যেককে ১৬ কেজি করে জাল দেওয়ার কথা। কিন্তু পাঁচজনের এক একটি দল ৫০ কেজি করে জাল পেয়েছে। জালের মানও খারাপ।
নাম প্রকাশ না করার শর্তে গোসাইরহাটের একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ‘নিম্ন মানের ও ওজনে কম হওয়ায় জেলেরা জাল নিতে চাননি। উপজেলা প্রশাসনের চাপে আমরা জেলেদের জাল নিতে বাধ্য করেছি।’
নাম প্রকাশ না করার শর্তে ভেদরগঞ্জ উপজেলার তারাবনিয় গ্রামের কয়েকজন জেলে অভিযোগ করেন, জাল নিম্ন মানের হওয়ায় তাঁরা সেগুলো নিতে চাননি। কিন্তু তালিকা থেকে বাদ দেওয়ার ও ভবিষ্যতে কোনো সাহায্য না দেওয়ার হুমকি দিলে তাঁরা জাল নিতে বাধ্য হন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, উপজেলা পর্যায় থেকে বিজ্ঞপ্তি দিয়ে ঠিকাদারের মাধ্যমে জাল কেনা হয়েছে। জাল যাচাই করে জেলেদের সরবরাহ করা হয়েছে।
নিম্নমানের জাল দেওয়ার অভিযোগ অস্বীকার করে গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন বলেন, মোটা ফাঁকের জাল দেওয়া হয়েছে, যাতে জেলেরা ছোট মাছ ধরতে না পারেন। এ জন্য জাল নিতে জেলেরা আপত্তি জানিয়েছিলেন। পরে ব্যাপারটি বোঝালে তাঁরা জাল নেন।