জাল ব্যান্ড রোল আমদানি: সাত ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীন থেকে আমদানি হওয়া সন্দেহজনক একটি কনটেইনার খুলে সিগারেটের প্যাকেটে ব্যবহার হওয়া বাংলায় লেখা ব্যান্ড রোল জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। ১৪ ডিসেম্বর, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

জাল ব্যান্ড রোল আমদানির ঘটনায় চট্টগ্রামের এক আমদানিকারকসহ সাত ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে কাস্টমস। আজ বৃহস্পতিবার বন্দর থানায় কাস্টমসের পক্ষ থেকে এই মামলা করা হয়।

মামলায় এক নম্বর আসামি করা হয়েছে চট্টগ্রামের আন্দরকিল্লার বাপ্পু এন্টারপ্রাইজের কর্ণধার বাপ্পু বড়ুয়াকে। অপর আসামিরা হলেন আমদানিকারকের পক্ষে পণ্য খালাসকারী সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান মধুমতি অ্যাসোসিয়েটস লিমিটেডের ছয়জন পরিচালক ও প্রতিনিধি।

কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা শাহরিয়ার হোসেন বাদী হয়ে কাস্টমস আইন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনে এই মামলা করেন।

গত মঙ্গলবার কাস্টমস কর্মকর্তারা চীন থেকে আমদানি হওয়া সন্দেহজনক একটি কনটেইনার খুলে সিগারেটের প্যাকেটে ব্যবহার হওয়া বাংলায় লেখা ব্যান্ড রোল জব্দ করেন। প্রায় ৩ কোটি ১৯ লাখ ৮০ হাজার ব্যান্ড রোল খালাস হলে ন্যূনতম ১১০ কোটি টাকা শুল্ক ফাঁকি হওয়ার শঙ্কা ছিল। তার আগেই ঠেকিয়ে দেন কাস্টমস কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টমের উপকমিশনার মো. সালাউদ্দিন রিজভী প্রথম আলোকে জানান, মামলার পাশাপাশি আমদানিকারক ও সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যোগাযোগ করা হলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার মামলা হয়েছে। তদন্ত চলছে।

বাংলাদেশে বিড়ি-সিগারেটের প্যাকেটে কাগজের যে পাতলা আবরণ ফিতার মতো জড়ানো থাকে, সেটি হলো ব্যান্ড রোল। রাজস্ব বোর্ডের এসআরও অনুযায়ী, ব্যান্ড রোল ছাপায় সরকারি প্রতিষ্ঠান দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন অব বাংলাদেশ। সেখান থেকে তা সংগ্রহ করে সিগারেটের কোম্পানিগুলো। আর বাজারজাতের সময় ব্যান্ড রোল ব্যবহার অনুযায়ী ভ্যাট বিভাগে শুল্ককর পরিশোধ করতে হয়। অর্থাৎ সিগারেটের কর আদায় হয় এই ব্যান্ড রোলের মাধ্যমে।