জাল ভিসা-পাসপোর্টসহ ৮ মানবপাচারকারী আটক
রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের আটজনকে গ্রেপ্তার করার দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, বিভিন্ন দেশের জাল ভিসা ও ভিসা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। গতকাল রোববার থেকে আজ সোমবার সকাল পর্যন্ত র্যাব এই অভিযান চালায়।
আজ সোমবার দুপুরে র্যাব সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথমে কমলাপুরের ইনসাফ হোটেল থেকে মতিন মিয়া (৪৭) ও জাহাঙ্গীর আলমকে (৪৫) বিভিন্ন দেশের ৫১টি জাল ভিসাসহ গ্রেপ্তার করে র্যাব-৩ এর সদস্যরা। এই দুজনের দেওয়া তথ্য অনুযায়ী ৪৭ নয়াপল্টনের কোরবান আলীর চা দোকানের সামনে থেকে আবুল হোসেন (৮১), তাঁর সহযোগী নূর ইসলাম (৩০), রেজাউল করিম (৩১), তৈয়ব আলী (৪৮), মো. বেল্লাল হোসেন (৩৬) ও আবুল হোসেনকে (৩৬) ৫৯৫টি পাসপোর্টসহ গ্রেপ্তার করা হয়। এ সময় নূর ইসলামের কাছ থেকে লিবিয়ার ৩০টি জাল ভিসা উদ্ধার করা হয়।
আজ ভোররাত সাড়ে পাঁচটার দিকে গ্রেপ্তার হওয়া রেজাউল করিমের পল্টনের বাসা ও অফিস থেকে ৬৩৫টি বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট, বিভিন্ন দেশের প্রায় দুই হাজার ২৬৫টি জাল ভিসা ও ভিসা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও একটি বিলাস বহুল গাড়ি জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে কমান্ডার মুফতি মাহমুদ খানের ভাষ্য, এই চক্রটি প্রায় আট-দশ বছর ধরে মানবপাচারের সঙ্গে জড়িত। এঁদের কাছ থেকে ১৮টি দেশের জাল ভিসা পেয়েছি। এঁরা ৭০০-৮০০ টাকায় নিখুঁতভাবে ভিসা তৈরি করে। ধারণা করা হচ্ছে, বিমানবন্দরের কিছু অসাধু কর্মকর্তা এঁদের সঙ্গে জড়িত থাকতে পারেন। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার হওয়া আট ব্যক্তিকে পুলিশের কাছে দেওয়া হবে।