জাল ভোট, কেন্দ্র দখলসহ কারচুপির নানা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর পৌরসভা ও ফরিদপুরের মধুখালী পৌরসভা নির্বাচনে সংঘর্ষ, ভোট জালিয়াতি, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাইসহ ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে। গতকাল রোববার ওই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীদের জয়ী করতে এসব কারচুপি করা হয় বলে অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
মধুখালীতে আওয়ামী লীগ–সমর্থিত মেয়র পদপ্রার্থী খন্দকার মোরশেদ রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, ৭ হাজার ৪১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন খন্দকার মোরশেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত প্রার্থী শাহাবুদ্দিন আহমেদ োন ৪ হাজার ৩৭৩ ভোট।
চাঁদপুরে পৌর নির্বাচনে নির্দলীয় মেয়র পদপ্রার্থী শফিকুর রহমান ভূঁইয়া দুপুর ১২টায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন। আর মধুখালীতে উপজেলা যুবদলের সভাপতি আবদুল আলীম ওরফে মানিক বিকেল চারটায় ভোট বর্জনের ঘোষণা দেন। বিএনপি-সমর্থিত প্রার্থী শাহাবুদ্দিন রাত আটটায় ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন।
চাঁদপুরে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকাল নয়টার পর থেকেই কাউন্সিলর পদপ্রার্থীদের সমর্থকেরা কয়েকটি কেন্দ্রে জাল ভোট দেওয়া শুরু করেন বলে অভিযোগ ওঠে। এ কারণে সকাল সাড়ে নয়টা থেকে কিছু সময়ের জন্য পাঁচটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। এ সময় কাউন্সিলর প্রার্থীদের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কমপক্ষে ১০ জন আহত হন।
কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও ব্যাপক কারচুপির অভিযোগ তুলে দুপুর ১২টায় নিজের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন শফিকুর রহমান ভূঁইয়া। এ সময় নতুন বাজার ও পুরান বাজার এলাকায় বেশ কয়েকটি কেন্দ্রে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০টি গুলি ছোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে চাঁদপুর মডেল থানার পাশেই শহরের লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চবিদ্যালয়ের দুটি কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থী হুমায়ুন কবির ও নাছিরুল ইসলামের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। একপর্যায়ে একদল দুর্বৃত্ত কেন্দ্রে প্রবেশ করে সাতটি বাক্স জাল ভোট দিয়ে ভর্তি করে বলে অভিযোগ ওঠে। এর ফলে প্রায় দেড় ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। বেলা ১১টার দিকে চাঁদপুরের জেলা প্রশাসক ইসমাইল হোসেন এসে সেসব ভোট বাতিল করে নতুন করে ভোট গ্রহণ শুরুর ব্যবস্থা করেন।
একই সময় শহরের আক্কাস আলী হাইস্কুল কেন্দ্রেও কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। প্রিসাইডিং কর্মকর্তা মো. আনসারুল্লাহ বলেন, ‘দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা জোর করে কেন্দ্র দখলের চেষ্টা করায় প্রায় দুই ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত থাকে।’
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন, ‘কিছু কেন্দ্রে সাময়িক ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। তবে মেয়র প্রার্থী শফিকুর রহমান নির্বাচন বর্জনের খবর আমাদের জানাননি।’
চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর নির্বাচন প্রসঙ্গে বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি কেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে।
আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও বর্তমান মেয়র নাছির উদ্দিন আহমেদ কারচুপির অভিযোগ অস্বীকার করেছেন।
ফরিদপুরের মধুখালী পৌরসভার নির্বাচনে সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত নির্বিঘ্নে ভোট গ্রহণ চলে। তবে একটার পর থেকে একে একে অন্তত পাঁচটি কেন্দ্রে অরাজক পরিস্থিতির সৃষ্টি করে ব্যাপক হারে জাল ভোট দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী খন্দকার মোরশেদ রহমানের পক্ষে স্থানীয় নেতাদের নেতৃত্বে কেন্দ্র দখল করে ভোট দেওয়ার ঘটনা ঘটে। গোন্ধারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এ ভোট জালিয়াতি শুরু হয়। একে একে আখচাষি মহিলা কলেজ কেন্দ্র, রইসুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ পাঁচটি কেন্দ্রে ভোট জালিয়াতির ঘটনা ঘটে।
শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শুধু মেয়র পদের ব্যালট পেপারে সিল মারায় কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরের ব্যালটগুলো পড়ে থাকতে দেখা যায়। পরে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। কিছুক্ষণ পর মেয়র পদের কিছু ব্যালট সংগ্রহ করে ভোট গ্রহণ পুনরায় শুরু করা হয়।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর কবির প্রথম আলোর কাছে দাবি করেন, মেয়রের ব্যালট পেপার বাইরে থেকে আনা হয়নি, কেন্দ্রেই সংরক্ষিত ছিল।
নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ অভিযোগ করেন, পাঁচটি কেন্দ্রে ভোট জালিয়াতি হয়েছে।
তবে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী খন্দকার মোরশেদ রহমান ভোট কারচুপিসহ সব অভিযোগ অস্বীকার করে বলেন, ভোট নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে।
জুড়ী উপজেলা পরিষদে উপনির্বাচন: জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রয়াত চেয়ারম্যান এম এ মুমিতের স্ত্রী গুলশান আরা ২২ হাজার ৪৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদরুল হোসেন পেয়েছেন ১১ হাজার ৭৬৩ ভোট।
গতকাল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভোটার উপস্থিতি কম ছিল।