
নানা অনিয়মের কারণে স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের কেন্দ্রগুলোতে গতকাল সোমবার অনুষ্ঠিত পুনরায় ভোট গ্রহণকালে অনিয়ম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারার অভিযোগ তুলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তিনটি ইউপির বিএনপির প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন। জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ তুলে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি ইউপির নির্বাচন বর্জন করেছেন এক প্রার্থী।
জাল ভোট দেওয়ার অপরাধে শেরপুরের শ্রীবরদীতে এক নারীকে জরিমানা এবং চাঁদপুরে ও ময়মনসিংহে তিন যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। ত্রিশালের একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন আহত হন।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী, চরপাকেরদহ ও জোড়খালী ইউনিয়নের বেশির ভাগ কেন্দ্রে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল দিতে ভোটারদের বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। প্রকাশ্যে সিল মারার ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে গতকাল বেলা একটার দিকে বালিজুড়ীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনজরুল ইসলাম, জোড়খালীতে জগলুল পাশা এবং চরপাকেরদহ ইউপির আলমগীর কবীর নির্বাচন বর্জন করেন। বেলা ১১টায় দিকে বালিজুড়ীর দফাদ উদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট পেপার নেওয়ার পর সেখানে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল দিতে বাধ্য করা হচ্ছে ভোটারদের। যাঁরা নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল দিতে রাজি হচ্ছেন না তাঁদের ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা সিল মারছেন। একই অবস্থা ছিল চরপাকেরদহ ইউনিয়নের চরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঘরিয়া সাহেদ আলি হাইস্কুল অ্যান্ড কলেজ, পাকরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ বেশির ভাগ ভোটকেন্দ্রে।
এ বিষয়ে বালিজুড়ী ইউপির দফাদ উদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘কোনো অনিয়ম হচ্ছে না। এখানে সব দলের এজেন্টরা ছিলেন। স্বাভাবিকভাবেই ভোটাররা ভোট দিচ্ছেন।’
বালিজুড়ী ইউপির দফাদ উদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রের বিএনপির এজেন্ট জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এদেশে কোনো আইনকানুন নাই। আমি একটি প্রার্থীর এজেন্ট হওয়ার পরও আমার ভোট আমি দিতে পারিনি। আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাকে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল দিতে বলেছেন। কিন্তু আমি প্রকাশ্যে সিল দিতে অস্বীকার করায় আমাকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।’ ওই ইউপির বালিজুড়ী ইউপির বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. মনজরুল ইসলাম বলেন, ‘নির্বাচনের শুরু থেকেই প্রত্যেকটি কেন্দ্রে নৌকা প্রতীকের ব্যালট পেপার সাধারণ ভোটারদের দেওয়া হয়নি। আবার যারা পেয়েছে বুথের মধ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সামনে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল দিতে বাধ্য করা হয়েছে।’
বালিজুড়ী ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘বিএনপির প্রার্থী কোনো কেন্দ্রে এজেন্টই দেয়নি।’ কারণ হিসেবে তিনি বলেন, ‘বিএনপির প্রার্থী নির্বাচনী অফিসে টাকা জমা দিয়েছিলেন মাত্র। নির্বাচনী মাঠে নামেননি। এখনো তিনি যেসব অভিযোগ করেছেন সেগুলো ভিত্তিহীন ও তাঁর মনগড়া।’ মাদারগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমূল হাসান দাবি করেন, তিনটি ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।’

ময়মনসিংহ: ময়মনসিংহের চারটি উপজেলার আটটি ইউপির নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। ফুলবািড়য়া ও ভালুকা উপজেলার দুটি ইউপিতে পূর্ণাঙ্গ নির্বাচন এবং ছয়টি ইউপিতে স্থগিত হওয়া সাতটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে ফুলবািড়য়া উপজেলার কুশমাইল ইউপির নিউগী কুশমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম এ জব্বার। তবে আওয়ামী লীগের প্রার্থী মো. শামছুল হক এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ভোটাররা আমাকে ভোট দিচ্ছে। পরাজয় নিশ্চিত জেনেই তিনি আমার ওপর দোষ দিয়ে নির্বাচন বর্জন করেছেন।’ একই উপজেলার রাঙামাটিয়া ইউপির পাহাড়-অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার দায়ে ইউসুফ আলী ও ছাইফুল ইসলামকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ত্রিশালের কানিহারি ইউপির থাপনহালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী আশরাফ আলী ও স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমানের সমর্থকদের মধ্যে সকালে সংঘর্ষে দুই ব্যক্তি আহত হন। একই উপজেলার বালিপাড়া ইউনিয়নের বিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিয়ারা পাটুলি রহমত উল্লাহ উচ্চবিদ্যালয় এবং গফরগাঁও উপজেলার সালটিয়া ইউপির পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিগুয়ারি ইউপির পাতলাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ করা হয়েছে। ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নে সহিংসতা ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর: শেরপুরের সদর, শ্রীবরদী, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার ৬ ইউনিয়নের ১০ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে। তবে শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউপির ধাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই নারীর নাম সুজেদা বেগম (২১)। তিনি উপজেলার ধাতুয়া গ্রামের জজ মিয়ার স্ত্রী। এ ছাড়া গতকাল সদরের কামারেরচর ও ধলা; শ্রীবরদীর গোসাইপুর ও খড়িয়াকাজিরচর; ঝিনাইগাতীর হাতীবান্ধা এবং নালিতাবাড়ীর রাজনগর ইউনিয়নের ১০ কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হয়।
চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউপির উত্তর আলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত মো. শাকিল (১৭) আলোনিয়া গ্রামের মো. ইসমাইলের ছেলে। চাঁদপুরের নির্বাহী হাকিম কানিজ ফাতেমা তাকে সাজা দেন।