জাল ভোট, সংঘর্ষ, গোলাগুলি ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার কুমিল্লার দেবীদ্বার উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট নেওয়া হয়েছে। সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। অনিয়মের অভিযোগে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়েছে।
অনিয়মের অভিযোগে তিনটি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন। নির্বাচনের পরিবেশ নিয়ে হতাশা ব্যক্ত করেন ভোটাররা। দিনভর ভোটকেন্দ্রগুলোতে সরকারদলীয় নেতা-কর্মীরা উত্তাপ ছড়ান। গতকাল সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে।
সকাল নয়টার দিকে মোহনপুর ইউপির কুরুইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে কয়েক শ নারী-পুরুষ ভোটারকে ভোট দেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রটিতে ইউপি সদস্য পদপ্রার্থী আলমগীর হোসেন ও জাকির হোসেনের অনুসারীরা জাল ভোট দেওয়ার অভিযোগে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে আলমগীরের অনুসারীরা জাকির হোসেনের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। এ সময় কেন্দ্রে কর্তব্যরত এসআই ইব্রাহিম খলিল নীরব ভূমিকা পালন করেন। কনস্টেবল আমীর হোসেন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে স্ট্রাইকিং ফোর্সের দলনেতা ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম বদিউজ্জামান পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বেলা ১১টার দিকে কামরুল হাসান (১৪) নামের একজন ভোট দিতে গেলে তাকে পুলিশ আটক করে। দুপুর সোয়া ১২টার দিকে নৌকা প্রতীকের পক্ষে পাশের বরকামতা ইউপির বাগুর এলাকা থেকে একদল বহিরাগত কেন্দ্র দখলের চেষ্টা করে। র্যা ব পরিস্থিতি সামাল দেয়।
গুলিবিদ্ধ তিন: ফতেহাবাদ ইউপির বরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ইউপি সদস্য পদপ্রার্থী কবির হোসেন ও বিল্লাল হোসেনের অনুসারীদের মধ্যে সকাল ১০টার দিকে সংঘর্ষ শুরু হয়। কবির হোসেনের অনুসারী বহিরাগত ব্যক্তিরা জোর করে ব্যালট পেপারে সিল মারতে যায়। এতে বাধা দেওয়ায় তাঁরা গুলি চালায়। একটি গুলি ঘোষঘর গ্রামের ইসমাইল হোসেন (৪৫) নামের একজনের মাথায় লাগে। একই গ্রামের মো. সোহেল (৩৫) ও বরকান্দা গ্রামের মনির হোসেনও (৪০) পায়ে গুলিবিদ্ধ হন। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বরকামতা ইউপির প্রেমু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেও সংঘর্ষ হয়। এতে মো. জুয়েল (২২) নামের একজন আহত হন। জাফরগঞ্জ ইউপির চরবাকর কেন্দ্রে বেলা তিনটার দিকে সরকারদলীয় নেতা-কর্মীরা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটান।
দুই কেন্দ্রে ভোট স্থগিত: জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, গোলাগুলির ঘটনায় ফতেহাবাদের বরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ভানী ইউপির খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ভোট নেওয়া স্থগিত করা হয়। এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাকির হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ইউএনও সাইফুল ইসলাম বলেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। যেখানে অভিযোগ উঠেছে, সেখানেই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিয়েছে।