জাল ভোট, ১১ কর্মকর্তা আটক দুজন শ্রীঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চার উপজেলার গতকাল শনিবার ৪৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আগের রাতে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে রাখা, কেন্দ্র দখল করে প্রকাশ্যে সিল মারা ও জাল ভোট দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কর্তব্যে অবহেলার অভিযোগে চার প্রিসাইডিং কর্মকর্তাসহ ১১ জন ভোট গ্রহণ কর্মকর্তাকে আটক করা হয়। পরে তাঁদের মধ্যে দুই কর্মকর্তাকে এবং আওয়ামী লীগের তিন কর্মীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে আটটি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ।
কর্তব্যে অবহেলার অভিযোগে গ্রেপ্তার করা চার প্রিসাইডিং কর্মকর্তা হলেন চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউপির যুগীরহাট এতিমখানা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোবারক হোসেন, মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউপির আমতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাবিবুর রহমান, চান্দিনা উপজেলার জোয়াগ ইউপির নোয়াগাঁও কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হুমায়ুন কবীর ও ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বিনয় ভূষণ নাথ। এ ছাড়া সাত সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত শুক্রবার রাতে চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউপির যুগীরহাট কেন্দ্রে ব্যালট পেপারে প্রিসাইডিং কর্মকর্তা মোবারক হোসেন দলবল নিয়ে নিজেই সিল মেরেছিলেন। খবর পেয়ে ভোরে ওই কেন্দ্রে যান দায়িত্বপ্রাপ্ত হাকিম রুপালি মণ্ডল। কর্তব্যে অবহেলা ও ওই কাজে জড়িত থাকার অপরাধে পাঁচজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন প্রিসাইডিং কর্মকর্তা মোবারক হোসেন ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা তাজুল ইসলাম, আওয়ামী লীগের কর্মী মো. শাহীন, খোরশেদ আলম ও মো. মাসুম। আটক অন্য নয় কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা আরও বলেন, ব্যালট পেপারে সিল মারা ও ভোটকেন্দ্রে হাঙ্গামার অভিযোগে আটটি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করা হয়। সেগুলো হলো চান্দিনা উপজেলার মহিচাইল ইউপির বামুটিয়া ও বাতাবাড়িয়া, জোয়াগ ইউপির নোয়াগাঁও ও কৈয়লাইন পূর্ব, ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউপির উত্তর চান্দলা, মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউপির হাজীপুরা ও আমতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউপির যুগীরহাট হোসাইনিয়া দারুস সুন্নাত কমপ্লেক্স এতিমখানা কেন্দ্র।
এদিকে বেলা ১১টার দিকে কেন্দ্র দখল করার প্রতিবাদে মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল মুনাফ নির্বাচন বর্জন করেন। দুপুর সাড়ে ১২টায় এজেন্ট বের করে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান চৌদ্দগ্রামের বাতিশা ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফা ভূঁইয়া।
ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউপির মালাপাড়া উচ্চবিদ্যালয় ও মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টায় চেয়ারম্যান পদের ব্যালট পেপার শেষ হয়ে যায়। ভোটের আগের রাতে এ দুই কেন্দ্রের বেশির ভাগ ব্যালটে নৌকা প্রতীকে সিল মারার কারণে এ অবস্থা হয়েছে বলে দাবি করেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর আলম ভূঞা। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম আজাদ ভূঁইয়া।
এদিকে গতকাল বেলা ৩টা ৪০ মিনিটে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউপিতে পানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী মো. জামাল উদ্দিন ও সেলিম প্রধানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। এর আগে সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউপির উত্তর চান্দলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সাধারণ সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়। ৮ নম্বর ওয়ার্ডের লুদিয়ারা কেন্দ্রে নৌকা মার্কা ও স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। আরও বেশ কয়েকটি কেন্দ্রে সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষে পুলিশ ও আনসারের সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। যেখানে ঝামেলা হয়েছে, সেখানে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।