জাল ভোটে বাধা দেওয়ায় মারধর একজন ছুরিকাহত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দুটি ইউনিয়ন পরিষদে (ইউপি) শান্তিপূর্ণ ভোট হয়েছে। তবে আলমপুর ইউপির একটি কেন্দ্রে দুই সদস্যপ্রার্থীর সমর্থকদের মধ্যে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এতে একজন ছুরিকাহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার বেলা পৌনে একটার দিকে সহলাপাড়া কমিউনিটি ক্লিনিক ভোটকেন্দ্রে সদস্যপ্রার্থী ওমর আলীর একজন সমর্থক জাল ভোট দিতে গেলে বিএনপির প্রার্থী আশরাফ আলীর ছোট ভাই আজাহার আলী বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে। এ সময় আজাহার আলীকে বেদম মারপিট ও পিঠে ছুরিকাঘাত করা হয়। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজাহার আলী ও তাঁর বড় ভাই আবদুর রাজ্জাক বলেন, ওমর আলীর লোকজন তাঁদের মারধর ও ছুরিকাঘাত করেছে।
ওমর আলীর মুঠোফোনে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। ক্ষেতলাল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ মামলা করেনি।
উপজেলার আলমপুর ও মামুদপুর ইউপির বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল ব্যাপক। সে তুলনায় পুরুষ ভোটারের উপস্থিতি কম। স্থানীয় লোকজন জানান, বোরো ধান কাটা ও বৃষ্টির কারণে পুরুষ ভোটাররা কেন্দ্রে আসতে পারেননি।
মামুদপুর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা বাবলু কুমার মণ্ডল বলেন, এখানে ভোটার ২ হাজার ৫৯ জন। এর মধ্যে সকাল নয়টা পর্যন্ত ভোট পড়েছে ১৭ ভাগ।