জাল মুদ্রাসহ তিনজন গ্রেপ্তার
তেজগাঁও এলাকায় গত বুধবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন দেশের জাল মুদ্রাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজন পাকিস্তানি নাগরিক মোহাম্মদ রেহেমান (৫৭)। অন্যরা হলেন মোজাম্মেল হক (৪০) ও ফারুক আহমেদ (২৬)।
র্যাব সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ১০টার দিকে র্যাব-২-এর কাছে খবর আসে, জাল মুদ্রা পাচারকারী চক্র তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার পলিটেকনিক ইনস্টিটিউটের পেছনের রাস্তায় অভিযান চালিয়ে পাকিস্তানি নাগরিক মোহাম্মদ রেহেমান এবং মোজাম্মেল হক ও ফারুক আহমেদকে ভারতীয়, পাকিস্তানি ও যুক্তরাষ্ট্রের জাল মুদ্রাসহ আটক করে। র্যাব তাঁদের কাছ থেকে প্রায় ৩ লাখ ভারতীয় রুপি, ৭০০ মার্কিন ডলার ও প্রায় ৩ হাজার পাকিস্তানি রুপি এবং বাংলাদেশের ৩ হাজার টাকা উদ্ধার করে।
রেহেমানের কাছ থেকে তাঁর পাকিস্তানি পাসপোর্ট জব্দ করা হয়েছে।