জাল লাইসেন্স তৈরির অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও এলাকায় আজ বুধবার সকালে জাল ড্রাইভিং লাইসেন্স তৈরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সকালে মিন্টো রোডে ডিএমপি তথ্য কেন্দ্রে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. মাসুম পারভেজ ও আল আমিন।
মনিরুল ইসলামের ভাষ্য, আজ সকাল আটটার দিকে খিলগাঁওয়ে মাসুদের বাসায় এই অভিযান চালানো হয়। জাল লাইসেন্স তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার, একটি লেমিনেটিং মেশিনসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।
ডিবির যুগ্ম কমিশনারের তথ্যমতে, রাজধানীর নীলক্ষেতে শিক্ষার্থীদের জাল পরিচয়পত্র তৈরি করতেন মাসুম। এক পর্যায়ে জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করা শুরু করেন তিনি। দালালের মাধ্যমে ক্রেতা জোগাড় করতেন মাসুম। এক হাজার টাকা থেকে চার হাজার টাকার বিনিময়ে প্রতিটি জাল লাইসেন্স বিক্রি করতেন তিনি। মাসুদকে জাল লাইসেন্স তৈরিতে সহায়তা করতেন আল আমিন।