জাল সইয়ে বন্ড সুবিধা গ্রহণ: দুদকের অনুসন্ধান
জাপানি নাগরিকের সই জাল করে বন্ড সুবিধা নেওয়া, বন্ড লাইসেন্স ব্যবহার করে আনা পণ্য খোলাবাজারে বিক্রি এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুজন তৈরি পোশাক শিল্প মালিকের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
উপপরিচালক এসএম রফিকুল ইসলামকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। অনুসন্ধান প্রক্রিয়ায় আজ বুধবার উইনসাম নিট কম্পোজিট লিমিটেডের চেয়ারম্যান মো. আলাউদ্দিন এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আমিরুল ইসলামের রেকর্ডপত্র তলব করা হয়েছে।
দুদক আসা অভিযোগ সূত্রে জানা গেছে, উইনসাম নিট কম্পোজিট লিমিটেড নামের পোশাক শিল্প প্রতিষ্ঠানের মালিক ছিলেন জাপানি নাগরিক জান সাতু, প্রকৌশলী আসাদ হোসেন, নূরুল হক তালুকদার এবং বিধান কৃষ্ণ ঘোষ। তাঁদের মধ্য থেকে তিনজন ২০১১ সালের এপ্রিলে প্রতিষ্ঠানটি বিক্রি করে দেন। জান সাতুর অংশ অবিক্রীত থেকে যায়।
তিনজনের শেয়ার কিনে নেন প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. আমিরুল ইসলাম, চেয়ারম্যান মো. আলাউদ্দিন, পরিচালক মোজাক্কেরা বেগম এবং জিনাত আফসানা। জান সাতু ২০০৯ সালের ১২ জানুয়ারির পর বাংলাদেশে আসেননি। ই-মেইলের মাধ্যমে তিনি প্রতিষ্ঠান বিক্রি করেন। কিন্তু বন্ড সুবিধা পাওয়ার উদ্দেশে জান সাতুকে উপস্থিত দেখিয়ে জাল স্বাক্ষরে প্রতিষ্ঠানটি একটি রেজুলেশন করে। তার ভিত্তিতে প্রতিষ্ঠানটির অনুকূলে বন্ড লাইসেন্স ইস্যু করা হয়। আমিরুল ও আলাউদ্দিন সেই বন্ড লাইসেন্স ব্যবহার করে আমদানি করা তৈরি পোশাকের কাঁচামাল খোলা বাজারে বেচাকেনা করছেন বলে অভিযোগ রয়েছে। এতে সরকার লাখ লাখ টাকা টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে।