জাল সনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী বাজারের একটি কম্পিউটারের দোকান থেকে পরীক্ষার জাল সনদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৌর সদরের স্টেশন রোডের (চৌরাস্তা) সিকদার কম্পিউটার নামের একটি দোকান থেকে গত রোববার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আল-আমিন (২০) উপজেলার বারাংকুলা গ্রামের বাসিন্দা। তিনি ওই দোকানেরই কর্মচারী। বোয়ালমারী থানা-পুলিশ জানায়, ওই দোকানে দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষা বোর্ডের জাল সনদ তৈরি করে বিক্রি করা হতো। উপজেলার কমলেশ্বরদী গ্রামের রাইসুল ইসলাম বিষয়টি পুলিশকে জানালে এ অভিযান চালানো হয়। পুলিশ অভিযানকালে ওই দোকান থেকে তিনটি কম্পিউটার জব্দ করে। ওই কম্পিউটারগুলোতে একাধিক জাল সনদের কপি পাওয়া যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক বলেন, এ ঘটনায় রাইসুল ইসলাম বাদী হয়ে রোববার রাতেই জালিয়াতির অভিযোগে থানায় একটি মামলা করেছেন।