জাল সনদে অধ্যক্ষের চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার সোনাবাজুতে সরদার কাজিমুদ্দিন টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ আবুল কালাম আজাদের বিরুদ্ধে স্নাতকোত্তর পাসের ভুয়া সনদ দাখিল করে চাকরি করার অভিযোগ উঠেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, আবুল কালাম আজাদ সামাজিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর পাসের সনদ (রোল ২৬৩৯, রেজি. ৪২৫০৬, সেশন ১৯৯৬-৯৭) দাখিল করে অধ্যক্ষ পদে চাকরি করছেন। তিনি এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) হয়ে (ইনডেক্স নম্বর ৩০০৬২৭) ২০০৪ সালের ১০ মে থেকে বেতন উত্তোলন করছেন।
২০০৯ সালের ৭ মার্চ ওই অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া সনদ, নিয়োগ-বাণিজ্য, কলেজের টাকা আত্মসাৎসহ কয়েকজন শিক্ষককে তাঁর কক্ষে আটক রেখে মারপিটের অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বানী জাতীয় বিশ্ববিদ্যালয়ে সনদটি যাচাইয়ের জন্য লিখিত আবেদন পাঠান। বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষক (সনদ) এ এম জাকির হোসেন স্বাক্ষরিত এক পত্রে আবুল কালাম আজাদের স্নাতকোত্তর পাসের ওই সনদটি সঠিক নয় এবং জালিয়াতির মাধ্যমে সনদটি প্রস্তুত করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এ নিয়ে ইউএনওর অফিস সহকারী আবদুল হাসিব বাদী হয়ে ২০০৯ সালের ২৭ মার্চ গুরুদাসপুর থানায় মামলা করেন। সে সময় ইউএনও ওই অধ্যক্ষের বেতন-ভাতা বন্ধ করে দেন। পরে বেতন বন্ধের বিরুদ্ধে আবুল কালাম আজাদ উচ্চ আদালতে রিট আবেদন করলে তাঁর বেতন ছাড় হয়। এ নিয়ে একই বছরের ৩১ মার্চ প্রথম আলোয় ‘অধ্যক্ষের জাল সার্টিফিকেট!’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।
এরপর ২০১৪ সালে অধ্যক্ষ আবুল কালাম আজাদ আবার ছয়জন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেন। এ প্রক্রিয়া শুরু করার পর শামীম আনোয়ার নামে স্থানীয় এক ব্যক্তি ২ নভেম্বর নিয়োগ-বাণিজ্য বন্ধসহ ভুয়া সনদধারী অধ্যক্ষের শাস্তি দাবি করে নাটোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে ১৭ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয় থেকে সহকারী কমিশনার মোহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেন। ইউএনও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমানকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলেন। গত ১৭ ডিসেম্বর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইউএনওর কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
তদন্তকারী কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘১০ বছর পর একই অভিযোগের তদন্ত শুরু হলেও অধ্যক্ষ উচ্চ আদালতে এ-সংক্রান্ত মামলা করায় তদন্ত করা যায়নি।’
ইউএনও মোছা. ইয়াসমিন আক্তার বলেন, ‘তদন্ত প্রতিবেদনটি গ্রহণযোগ্য না হওয়ায় সহকারী কমিশনারকে (ভূমি) দিয়ে পুনঃ তদন্ত করানো হচ্ছে। তিনি আগামী সোমবার নতুন তদন্ত প্রতিবেদন জমা দেবেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে অভিযুক্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদের বক্তব্য জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে সংবাদটি প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।