জাল সনদে চাকরি নিয়ে বিপাকে ছাত্রলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি ছাত্রলীগের নেতা; যে বিষয়ের ছাত্র, সেই বিষয়েরই শিক্ষক। গ্রন্থাগারিক বিষয়ে ডিগ্রি অর্জন করতে না পেরে জাল সনদ দিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের চাকরি নিয়েছেন। আর এখন চাকরি বৈধ করতে কলেজে ভর্তি হয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। পরীক্ষায় পাস করলে ব্যক্তিগত কাগজপত্রের মধ্য থেকে জাল সনদটি সরিয়ে মূল সনদ প্রতিস্থাপন করবেন—এটাই তাঁর পরিকল্পনা।
ওই শিক্ষকের নাম ইয়াকুব আলী। তিনি ঝিনাইদহের মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক পদে চাকরি করছেন। তিনি মহেশপুর উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি। চার বছর আগে চাকরি পেলেও সনদ জাল থাকায় তাঁর বেতন অনুমোদন করেনি শিক্ষা অধিদপ্তর। তবে ক্ষমতার জোরে বিদ্যালয়ের তহবিল থেকে প্রতি মাসে ছয় হাজার টাকা করে নিচ্ছেন। জাল সনদ দিয়ে চাকরি নেওয়ার অপরাধে যেখানে তাঁর বরখাস্ত হওয়ার কথা, সেখানে বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে বেতন দিয়ে যাচ্ছে।
ইয়াকুব আলী জাল সনদ দিয়ে চাকরি নেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, তখন তিনি ভুল করে জাল সনদ জমা দিয়েছিলেন। এখন কী করবেন ভেবে পাচ্ছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক পদে শিক্ষক নিয়োগের জন্য ২০১১ সালের জুন মাসে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই সময় ইয়াকুব আলী ওই পদে চাকরির জন্য আবেদন করেন। ওই বছরের ৭ আগস্ট ইয়াকুব আলীকে নিয়োগ দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি ১০ আগস্ট যোগদান করেন। যোগদানের সময় অন্য সনদের সঙ্গে তিনি গ্রন্থাগারিক বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন মর্মে একটি সনদ জমা দেন। যে সনদে তিনি দ্বিতীয় বিভাগে পাস করেছেন বলে দেখানো হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, যোগদানের পর তাঁর বেতন ছাড় করানোর জন্য সব কাগজপত্র মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়। সেখানে গিয়ে ধরা পড়ে গ্রন্থাগারিক পাসের যে সনদ দেওয়া হয়েছে, সেটি জাল। এ কারণে তাঁর বেতন ছাড় করেনি অধিদপ্তর। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি তাঁর কাছে জানতে চায়। তিনি কোনো উত্তর না দিয়ে জোর করেই চাকরিতে বহাল আছেন।
একাধিক শিক্ষক নাম প্রকাশ না করে জানান, ইয়াকুব আলী এই জাল সনদ সঠিক করতে চলতি বছর যশোর সিটি কলেজে গ্রন্থাগারিক বিষয়ে এক বছরের ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছেন। তিনি নিয়মিত সেখানে ক্লাস করছেন। তবে হাজিরা খাতায় তিনি স্বাক্ষর করেন না। তিনি কোনো ছুটিও নেননি। প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান, কাগজপত্র ঠিক না থাকায় ইয়াকুব আলীর বেতন দেয়নি শিক্ষা অধিদপ্তর। আর বিশেষ কারণে তাঁর চাকরি বহাল রয়েছে।