জাল সনদে ৩০ বছর ধরে চাকরি করার অভিযোগ
সুনামগঞ্জে এক শিক্ষক শিক্ষাগত যোগ্যতার জাল সনদ দিয়ে ৩০ বছর ধরে চাকরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সম্প্রতি ওই শিক্ষকের সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে ছয় ব্যক্তি সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত শিক্ষক হলেন জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কাঠাখালী পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রাজ্জাক। একই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন মো. আবদুর রাজ্জাকের ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মো. আবদুর রাজ্জাক ওই বিদ্যালয়ে ১৯৮৪ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন। অভিযোগকারীরা বিভিন্ন সময় আবদুর রাজ্জাকের বিএ (পাস) পরীক্ষার সনদটি জাল শুনে তাঁর সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলেন। তখন ওই শিক্ষক তাঁদের জানান, তিনি ১৯৮১ সালে নরসিংদী সরকারি ডিগ্রি কলেজ থেকে বিএ (পাস) পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেন এবং পরে ১৯৮২ সালে আবার পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন। ১৯৮২ সালে তৃতীয় বিভাগে বিএ পাস করেছেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর করা এমন একটি সাময়িক সনদ তিনি চাকরি নেওয়ার সময় জমা দিয়েছেন। কিন্তু অভিযোগকারীরা এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে ওই শিক্ষকের শিক্ষাসংক্রান্ত তথ্য জানতে একজন আইনজীবীর মাধ্যমে গত ১৩ অক্টোবর তথ্য অধিকার আইনে আবেদন করেন।
কিন্তু মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষক আবদুর রাজ্জাকের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। পরে তাঁরা নিজ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেন। গত ২৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রী শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে জানানো হয়, মো. আবদুর রাজ্জাকের ১৯৮২ সালের ব্যাচেলর অব আর্টস পরীক্ষার সনদটি জাল; ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে ইস্যু করা হয়নি।
এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, ওই শিক্ষককে তাঁর শিক্ষাসংক্রান্ত কাগজপত্র জমা দিতে চিঠি দিয়েছেন। কিন্তু মো. আবদুর রাজ্জাক তিন মাস ধরে দেই-দিচ্ছি করছেন। ১৯৮২ সালে নরসিংদী সরকারি ডিগ্রি কলেজ থেকে বিএ পাসের সনদটি সঠিক দাবি করে মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘আমার জানামতে আমার সনদটি জাল নয়।’ তাহলে শিক্ষা কর্মকর্তার পত্র পাওয়ার পর তথ্য দিচ্ছেন না কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ওনার (শিক্ষা কর্মকর্তা) কাছে কিছুদিন সময় চেয়ে চিঠি দিয়েছিলাম। কিন্তু তিনি আমার চিঠির কোনো উত্তর দেননি। আমি ব্যস্ততার কারণে কাগজপত্র দিতে পারিনি।’
এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তফাজ্জল হোসেন বলেন, ‘আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর করা একটি চিঠির ফটোকপি দিয়েছে একজন। ওই চিঠিটি আমার বরাবরে বোর্ড পাঠিয়েছে। কিন্তু অফিশিয়ালি সেটি এখনো পাইনি। তবে ফটোকপির যে কাগজ পেয়েছি, তাতে ওই শিক্ষকের সনদটি জাল উল্লেখ করা হয়েছে।’