জাল স্ট্যাম্প ও ভিসাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দারুস সালাম থানা এলাকা, গুলিস্তান ও কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে প্রায় ১৮ কোটি টাকা মূল্যমানের জাল স্ট্যাম্প এবং ভারত ও নেপালের জাল ভিসাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত শুক্রবার ভোরে ও রাতে ওই দুটি অভিযান চালানো হয়।
সিআইডির মিরপুর ইউনিটের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার রুহুল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোরে দারুস সালাম থানার মাজার রোডের লালকুঠি এলাকায় এক বাসায় অভিযান চালিয়ে ১৭ কোটি ৫৫ লাখ ৫৪ হাজার টাকা মূল্যমানের বিভিন্ন ধরনের সরকারি নন-জুডিশিয়াল স্ট্যাম্প, জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প উদ্ধার করা হয়। কয়েকটি কম্পিউটার ও প্রিন্টারও জব্দ করা হয়। স্ট্যামগুলো ছিল জাল। এ ঘটনায় জড়িত অভিযোগে ওই বাসা থেকে বুলবুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। পরে একই এলাকায় সৌরভ নামের আরেকজনের বাসায় অভিযান চালিয়ে ২৬ লাখ ৮৫ হাজার ২০০ টাকা মূল্যমানের একই ধরনের জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়। বুলবুলের তথ্যের ভিত্তিতে রাজধানীর আরামবাগের আজিজ প্রিন্টার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে ওই স্ট্যাম্প বানানোর ডাইস জব্দ করা হয়। এ ঘটনায় দারুস সালাম থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে গুলিস্তানের একটি দোকান ও কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে জাল ভিসা, বহির্গমন ও পাসপোর্টের সিলসহ ভিসা তৈরির সরঞ্জাম উদ্ধার করে সিআইডির আরেকটি দল। এ ঘটনায় রাসেল রানা ও আবদুস সালাম নামের দুজনকে আটক করা হয়।