জাল স্ট্যাম্প, ডলারসহ গ্রেপ্তার ২
প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডলার, কোর্ট ফি ও টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগ। জালিয়াতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে দুজনকে। বৃহস্পতিবার রাতে সাড়ে বারোটা থেকে শুক্রবার ভোর পর্যন্ত যাত্রাবাড়ী ও সেগুনবাগিচা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সহকারী হিসাবরক্ষক মো. আলফাজউদ্দিন(৬১) ও দেওয়ান মাসুদ রানা (৩৭)। চক্রের আরও দুজন পলাতক রয়েছেন।
পুলিশ বলছে, মাসুদ এই চক্রের মূল হোতা। আগেও গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল। প্রায় আট বছর ধরে তিনি এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। ঢাকাসহ সারা দেশে তিনি এগুলো সরবরাহ করেন। জাল ডলার তৈরির সরঞ্জাম, জাল টাকা বানানোর কাগজ, জাল স্ট্যাম্প বানানোর সরঞ্জামও তাঁর বাসা থেকে উদ্ধার করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেওয়া জ্যেষ্ঠ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস এম শামীম প্রথম আলোকে বলেন, চক্রের সবাইকে গ্রেপ্তারের জন্য তারা অভিযান চালাচ্ছেন। শিগগিরই সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হবে।