'ষড়যন্ত্রের শিকার আমার ছেলে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকার উৎখাতের গোপন ষড়যন্ত্র’র অভিযোগে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জালাল আহমেদের মা বলেছেন, তাঁর ছেলে ষড়যন্ত্রের শিকার। রাষ্ট্রদ্রোহী কোনো কর্মকাণ্ডের সঙ্গে সে জড়িত থাকতে পারে না।

গতকাল মঙ্গলবার কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া গ্রামে জালালদের বাড়িতে গেলে তাঁর মা মইয়ারা বেগম এ দাবি করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র বিভাগের প্রথম বর্ষের ছাত্র জালালের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ৪ অক্টোবর পল্টন থানায় মামলা করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এজাহারে উল্লেখ করা হয়, গত ৯ আগস্ট রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটক থেকে জালালকে আটক করা হয়। এ সময় তাঁর শরীর তল্লাশি করে ‘সহিংস আন্দোলনের মাস্টারপ্ল্যান’ নামের ২৪ পাতার একটি বইয়ের খসড়া পাওয়া যায়।

জালালের মা মইয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ৯ আগস্ট সন্ধ্যায় তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। অথচ গত ৮ আগস্ট জুমার নামাজ আদায় করতে বায়তুল মোকাররম মসজিদে গেলে সেখান থেকে পুলিশ তাঁকে আটক করে। এর মাধ্যমে প্রমাণিত হয়, তাঁর ছেলে ষড়যন্ত্রের শিকার।

জালালের কয়েকজন প্রতিবেশী ও সহপাঠীর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি অতীতে নানা সময়ে ছাত্রশিবির, ছাত্রদল ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। স্কুলজীবনে শিবির ও ছাত্রদল দুই সংগঠনেই সক্রিয় ছিলেন।

কক্সবাজার সরকারি কলেজে ভর্তি হওয়ায় পর কলেজ শিবিরের তৎকালীন সভাপতি হাসান মোহাম্মদ ইয়াছিনের টেকপাড়াস্থ মেসে থাকতেন। সেখানে ভুল-বোঝাবুঝি হলে শিবিরের কর্মীরা তাঁকে হাত-পা বেঁধে ও বিদ্যুতের শক দিয়ে নির্যাতন করেন। ওই সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে উদ্ধার করলে তিনি পরবর্তী সময়ে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হন। তবে কোনো সংগঠনেই তিনি পদধারী নেতা ছিলেন না।

পেকুয়া থানার ওসি আবদুর রকিব জানান, জালালের বিরুদ্ধে তাঁর থানায় কোনো মামলা নেই।