জালিয়াতি করে নেওয়া জামিন বাতিল
উদ্ধার হওয়া ১৯ হাজার ইয়াবা বড়ির স্থলে ২৪৩টি বড়ি উল্লেখ করে জামিন নেওয়া পাঁচ আসামির জামিন বাতিল করেছেন হাইকোর্ট। তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল রোববার বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। ওই জামিন আবেদনের তদবিরকারক মো. শাহাদাত হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং ঘটনা তদন্তে কমিটি গঠনের জন্য রেজিস্ট্রারের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৯ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
ওই পাঁচ আসামি হলেন মো. সোহেল (২৮), মো. ফেরদৌস (৩০), মো. মহসীন (২৮), মো. মোস্তফা (৩০) ও মো. হাসান (৩৪)।
আদালত সূত্র জানায়, গত ১ জুলাই মিরপুরের পূর্ব মণিপুরে একটি বাসায় ওই পাঁচজনের দেহ তল্লাশি করে ১৯ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ওই দিনই পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মশিউর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিরপুর থানায় মামলা করেন। এজাহারে বলা হয়, সোহেল, ফেরদৌস, মহসীন ও মোস্তফার কাছ থেকে চার হাজার করে এবং হাসানের কাছ থেকে তিন হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গত ৫ আগস্ট এই পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। নিম্ন আদালতে ১ সেপ্টেম্বর আসামিদের জামিনের আবেদন খারিজ হয়। পরে তাঁরা হাইকোর্টে আবেদন করলে ১৮ সেপ্টেম্বর একই বেঞ্চ তাঁদের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। পরে আসামিরা মুক্তি পান।
জালিয়াতির মাধ্যমে আসামিরা জামিন নেন উল্লেখ করে ওই পাঁচজনের জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ গতকাল আবেদন করে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. আবদুস সামাদ।
মো. আলী জিন্নাহ প্রথম আলোকে বলেন, ‘২৫ সেপ্টেম্বর জানতে পারি, ১৯ হাজার বড়ির স্থলে ২৪৩টি ইয়াবা বড়ির উল্লেখ করে জালিয়াতির মাধ্যমে আসামিরা জামিন নেন। পর্যালোচনা করে দেখা যায়, এজাহার, জব্দ তালিকা, অভিযোগপত্র ও নিম্ন আদালতে জামিন খারিজের আদেশ জালিয়াতি করে এবং ভুয়া অনুলিপি দিয়ে আসামিরা জামিন নিয়েছেন। হাইকোর্টে জামিন আবেদনে বলা হয়, সোহেলের কাছ থেকে ৪০টি, ফেরদৌসের কাছ থেকে ৫০, মহসীনের কাছ থেকে ৪৫, মোস্তফার কাছ থেকে ৬০ ও হাসানের কাছ থেকে ৪৮টি ইয়াবা বড়ি পাওয়া যায়।