জালিয়াতি করে ব্যবস্থাপনা কমিটির সভাপতি পরিবর্তন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাল পদত্যাগপত্র তৈরি করে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি পাল্টে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২০ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ফানুর আশরাফুল উলুম বহুমুখী দাখিল মাদ্রাসার সভাপতির পদ হারানো জিয়াউল আলম মাদ্রাসার সুপারিনটেনডেন্ট জমির উদ্দিন খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও রাজীব কুমার সরকারের কাছে ওই অভিযোগ দেন। ইউএনও ঘটনাটি তদন্ত করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লা সরকারকে নির্দেশ দিয়েছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, জাল পদত্যাগপত্রে বলা হয়েছে, মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত সভাপতি জিয়াউল আলম শারীরিক অসুস্থতার কারণে ২৭ আগস্ট পদত্যাগ করেছেন। কিন্তু তিনি সে সময় অসুস্থ ছিলেন না। এমনকি পদত্যাগও করেননি। সম্প্রতি মাদ্রাসা সুপার জমির উদ্দিনের কাছে মাদ্রাসার আর্থিক হিসাব-নিকাশ দেখতে চাইলে তাঁর (জিয়াউল) স্বাক্ষর জাল করে পদত্যাগপত্র বানান তিনি। এরপর গত ৩ নভেম্বর সভা করে নতুন সভাপতি নির্বাচন করা হয়। সভাপতি হন মাহবুবুল আলম। ওই নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার আশিকুর রহমান। অথচ তিনি গত বছরের ৩০ জুন ঈশ্বরগঞ্জ থেকে বদলি হয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কর্মরত রয়েছেন।
অভিযোগ প্রসঙ্গে জমির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিয়াউল আলম স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। নতুন সভাপতি নির্বাচনের বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়কে না জানানোর কারণ জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে আশিকুর রহমান মুঠোফোনে বলেন, একজন একাডেমিক সুপারভাইজার পদের কর্মকর্তা চাকরিবিধি অনুযায়ী দেশের যেকোনো স্থানে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করতে পারেন।
গত বুধবার ছফিউল্লা সরকার তাঁর কার্যালয়ে এ প্রতিবেদককে বলেন, ঈশ্বরগঞ্জের একাডেমিক সুপারভাইজার নির্বাচনে দায়িত্ব পালন করবেন। আর নবাবগঞ্জ উপজেলায় যিনি থাকবেন, তিনি সেখানে কাজ করবেন। আর নির্বাচনের আগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে বিষয়টি জানাতে হবে। গত সোমবার তদন্ত কমিটির সামনে ২৭ ডিসেম্বর হাজির হওয়ার জন্য তিনি মাদ্রাসা সুপারকে চিঠি পাঠিয়েছেন। কিন্তু সুপার গত মঙ্গলবার পাল্টা চিঠিতে জানিয়েছেন, জিয়াউল ইসলাম যে মামলা করেছেন, তা প্রত্যাহার না করা পর্যন্ত অথবা আদালত থেকে সেই মামলায় জামিন না পাওয়া পর্যন্ত তাঁর পক্ষে তদন্ত কমিটির সামনে হাজির হওয়া সম্ভব নয়।