ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় মুঠোফোনে জালিয়াতি করার সময় গতকাল শুক্রবার ১৪ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। প্রত্যেকের কাছে থাকা মুঠোফোনের খুদে বার্তায় প্রশ্নের উত্তর পাওয়া গেছে। তাঁদের মধ্যে ১৩ জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এর মধ্যে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সময় সাতজনকে আটক করা হয়। তাঁরা হলেন সানজানা বিনতে বশির, আহাদুর রহমান, ফয়সাল কবির, আরিফুল ইসলাম, নুরুল আফসার, মেহেদী হাসান ও এরশাদ খান। তাঁদের পুলিশে সোপর্দ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী। পরে সানজানা বাদে অন্যদের আটকের কথা স্বীকার করেছে পুলিশ।
বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে সাতজনকে আটক করে পুলিশে দেওয়া হয়। তাঁরা হলেন প্রীতম চন্দ্র দাস, রাজন আহমেদ, ইউসুফ ভূঁইয়া, আশিক উজ্জামান, আবুল হাশেম, ইমরান হাসান ও দীপু চন্দ্র রায়।
আজিমপুরের একটি বাসায় বসে মুঠোফোনে জগন্নাথের পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তর পাঠানোর সময় ইমরান, শান্ত ও মামুন নামের তিনজনকে আটক করে লালবাগ থানার পুলিশ। এই তিনজন জালিয়াত চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাঁরা ল্যাপটপ ও আইপ্যাডের মাধ্যমে কয়েকজন পরীক্ষার্থীকে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে উত্তর পাঠাচ্ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষা শুরুর ৫ থেকে ১০ মিনিটের মধ্যে দারোয়ান কিংবা কোনো কোনো কেন্দ্রের দায়িত্বরত শিক্ষকদের সহযোগিতায় প্রশ্ন ফাঁস হয়েছে। খুব স্বল্প সময়ে উত্তর তৈরি করে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মুঠোফোনে পাঠিয়ে দেওয়া হয়। যারা ধরা পড়েছে, তারা জানিয়েছে ইউসিসি, ইউনিএইড ও প্যারাগন কোচিংয়ের শিক্ষকদের সহযোগিতায় তারা এ জালিয়াতি করেছে।’
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মুঠোফোন দেখে উত্তরপত্রে বৃত্ত ভরাট করার সময় শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ কেন্দ্র থেকে সানজানা বিনতে বশিরকে আটক করা হয়। সেখান থেকে তাঁকে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের কার্যালয়ে নিয়ে আসেন কর্তব্যরত পরীক্ষক। সেখানে সানজানা লিখিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান, ইউনিএইড কোচিং সেন্টারের ইংরেজির শিক্ষক মো. আবদুল্লাহর সঙ্গে মুঠোফোনে উত্তর পাঠানোর জন্য তিন লাখ টাকায় চুক্তি করেন। পরে প্রথম আলোর পক্ষ থেকে মো. আবদুল্লাহর বক্তব্য জানার জন্য চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। বিকেল থেকে তাঁর মুঠোফোন ছিল বন্ধ।
আটকের পর সানজানাকে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া এবং এক পুলিশ কর্মকর্তার সঙ্গে শাহবাগ থানায় পাঠানো হয়। এ সময় অন্তত ১২ জন সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন। ওই সাংবাদিকেরা পরে শাহবাগ থানায় গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম দাবি করেন, সানজানা নামের কাউকে থানায় পাঠানো হয়নি।
পরে এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেন, হয়তো তাঁকে চকবাজার কিংবা লালবাগ থানায় নেওয়া হয়েছে।
কিন্তু ওই দুই থানা কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে এমন কাউকে সোপর্দ করা হয়নি। বিষয়টি পুনরায় ভারপ্রাপ্ত প্রক্টরকে জানালে তিনি এ নিয়ে আর কথা বলতে রাজি হননি।
এ ছাড়া অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষার্থী আহাদুর রহমান, বদরুন্নেসা কলেজ থেকে ফয়সাল কবির, টিচার্স ট্রেনিং কলেজ থেকে নুরুল আফসার, ধানমন্ডির আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে আরিফুল ইসলাম এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্র থেকে মেহেদী হাসান ও এরশাদ খানকে আটক করা হয়।
প্রক্টর আমজাদ আলী জানান, আটক পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
প্রশ্ন উধাও ১০ মিনিট: ভর্তি পরীক্ষা শুরুর মিনিট দুই পর আজিমপুরের অগ্রণী স্কুল ও কলেজ পরীক্ষা কেন্দ্রের ২০৯ নম্বর কক্ষে পৌঁছান লিমন হোসেন নামের এক পরীক্ষার্থী। কিন্তু তাঁর প্রশ্নপত্রটি খুঁজে পাচ্ছিলেন না দায়িত্বরত শিক্ষিকা। প্রায় ১০ মিনিট পর প্রশ্নপত্রটি নিয়ে আসেন অপর এক শিক্ষক।
বিষয়টি পরীক্ষা কমিটিকে জানানো হলে খোঁজ নিয়ে কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ওই শিক্ষক প্রশ্ন ফাঁসের চেষ্টা করেছিলেন।’