জালিয়াতি করে অবসর ভাতা তোলার অভিযোগ
মাগুরায় দুজনের অবসর ভাতা ও ঈদ বোনাস জালিয়াতির মাধ্যমে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী দুজন হলেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অবসরপ্রাপ্ত অফিস সহকারী রেজাউর রহমান ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক ইমারত হোসেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মহম্মদপুর উপজেলার মণ্ডলগাতি গ্রামের রেজাউর ও শালধা গ্রামের ইমারত ছয়-সাত বছর আগে চাকরি থেকে অবসর নেন। নিয়মানুযায়ী তাঁরা অবসর ভাতার বই উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় থেকে অনুমোদন করিয়ে ব্যাংক থেকে টাকা তোলেন। মে মাসের ভাতা ও ঈদ বোনাস তুলতে গত সোমবার তাঁরা মহম্মদপুর উপজেলা সদরের সোনালী ব্যাংকের শাখায় যান। তখন ব্যাংক কর্মকর্তা জানিয়ে দেন, তাঁরা এক দিন আগেই টাকা তুলে নিয়ে গেছেন। অথচ তাঁরা টাকা তোলেননি।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. ওয়াজেদ আলী বলেন, ‘ব্যাংক থেকে পেনশনের মাসিক ভাতা তুলতে কোনো স্বাক্ষরের ব্যবস্থা নেই। বইধারী আসলেই টাকা নিতে পারেন। এ ক্ষেত্রে অন্য কেউ বই এনে টাকা তুলে নিতে পারেন।’
ভুক্তভোগী দুজন গত মঙ্গলবার মহম্মদপুর থানায় জিডি করেন। থানার ওসি মো. তরীকুল ইসলাম বলেন, ঘটনাটি একজন পুলিশ কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি তদন্ত শুরু করছেন।