জালিয়াতি করে পরীক্ষা দিতে গিয়ে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতির আশ্রয় নিয়ে এক বছর আগেই তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছেন রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) তিন শিক্ষার্থী। তাঁদের পরীক্ষা বাতিল করা হয়েছে।
এই তিন পরীক্ষার্থী হলেন শাহীন হোসেন, সোহেল রানা ও বিলকিস আশুরা। তাঁরা ডিপ্লোমা কোর্সের ফার্মাসি অনুষদের শিক্ষার্থী। শাহীন হোসেন ছাত্রশিবিরের আইএইচটি শাখার সাবেক সভাপতি। অন্য দুজন সংগঠনটির কর্মী।
আইএইচটি সূত্রে জানা যায়, গত জানুয়ারিতে এই তিন শিক্ষার্থী দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দেন। এখনো ফলাফল প্রকাশিত হয়নি। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় তাঁরা তিনজনই অংশ নেন। তাঁদের নামে যথারীতি প্রবেশপত্র ও পরীক্ষার খাতা এসেছে।
সূত্রটি জানায়, বৃহস্পতিবার পরীক্ষা শুরুর আগেই বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল থেকে আইএইচটির একজন শিক্ষকের কাছে ফোন আসে। ফোনে জানানো হয়, জালিয়াতির আশ্রয় নিয়ে তিনজন শিক্ষার্থী তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিচ্ছেন। তাঁদের নামও বলে দেওয়া হয়। এ সময় কলেজের একজন প্রভাষক ওই তিন পরীক্ষার্থীকে ডেকে নেন। তাঁদের কাছে জানতে চান, তাঁরা কীভাবে দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশিত হওয়ার আগেই তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার প্রবেশপত্র পেয়েছেন। তখন শাহীনুর রহমান বলেন, এর আগে তাঁদের বড় ভাইয়েরা অনেকেই এভাবে পরীক্ষা দিয়ে পাস করে গেছেন। তাঁরাও চেষ্টা করে দেখছেন পাস করতে পারেন কি না।
এসব শুনেও যেহেতু তিনজনের নামে প্রবেশপত্র এসেছে, খাতাও বরাদ্দ দেওয়া হয়েছে, তাই প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাঁদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেন। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। দুপুর ১২টার দিকে ঘটনাটি জেনে ছাত্রলীগের নেতা-কর্মীরা তিনজনের পরীক্ষা বাতিল করার দাবি জানান। এ ছাড়া পরীক্ষা শেষে তাঁদের পেটানোর হুমকি দেন। এরপর অধ্যক্ষ বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে শাহীনুর ও সোহেলকে ধরে নিয়ে যায়। আর বিলকিসকে কৌশলে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে বের করে দেওয়া হয়।
ঘটনাটি তদন্তের জন্য প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন চিকিৎসা কর্মকর্তা গৌতম কুমার ও প্রভাষক মাহফুজুল হক। আগামী শনিবার তাঁদের প্রতিবেদন জমা দেওয়ার কথা।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আটক দুজনই শিবিরের রাজনীতি করেন। অধ্যক্ষ কোনো অভিযোগ না দেওয়ায় তাঁদের নাশকতার মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানতে চাইলে অধ্যক্ষ এ বি এম মনসুর রহমান বলেন, যেহেতু প্রবেশপত্র আছে, তাঁদের নামে খাতাও এসেছে, তাই তিনি তাঁদের পরীক্ষায় অংশ নিতে দিয়েছেন। পরে এটা নিয়ে একটা তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে, তাঁরা কীভাবে পরীক্ষা প্রক্রিয়ার ভেতরে ঢুকেছেন।