জালিয়াতি করে শিক্ষক নিয়োগের অভিযোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল ও নিয়োগ কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে জালিয়াতির মাধ্যমে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে নিয়োগ কমিটিতে থাকা সরকারি প্রতিনিধি নিয়োগ ও এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) বাতিল করার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগপত্র ও শিক্ষাপ্রতিষ্ঠান দুটির দায়িত্বশীল সূত্র জানায়, উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর-সাহেবগঞ্জ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে ও চান্দাইকোনা ইউনিয়নের এম আর দাখিল মাদ্রাসার কৃষিবিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগ কমিটিতে সরকারি প্রতিনিধি (ডিজির প্রতিনিধি) হিসেবে সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেবকে দায়িত্ব দেওয়া হয়।
দাদপুর-সাহেবগঞ্জ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা গত বছরের ২১ ডিসেম্বর গ্রহণ করা হয়। পরীক্ষায় নরেশ চন্দ্র মাহাতো প্রথম স্থান অধিকার করায় নিয়োগ কমিটি তাঁকে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করে। কিন্তু অজ্ঞাত কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষায় দ্বিতীয় হওয়া বিধান চন্দ্র মাহাতোকে নিয়োগপত্র দেয়।
অপরদিকে উপজেলার এম আর দাখিল মাদ্রাসার কৃষিবিজ্ঞান বিষয়ে শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা গত ২০ মে গ্রহণ করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেন মো. আল আমিন সরকার। কিন্তু অজ্ঞাত কারণে তাঁকে বাদ দিয়ে দ্বিতীয় স্থান অধিকারী ফেরদৌস আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, দুটি নিয়োগ প্রক্রিয়াই জেলা শিক্ষা কর্মকর্তার যোগসাজশে সম্পন্ন করে এমপিওভুক্তির জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।
বিষয়টি জানাজানি হয়ে পড়লে দুটি নিয়োগ কমিটির সরকারি প্রতিনিধি সুশান্ত কুমার দেব গত ২৫ জুন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পরীক্ষায় প্রথম স্থান অধিকারীকেই নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান দুটির প্রধানেরা অনিয়মতান্ত্রিকভাবে ব্যবস্থাপনা কমিটিকে ব্যবহার করে এই কাজটি করেছেন। অন্য কাউকে নিয়োগ দিতে হলে আবার বিজ্ঞপ্তির মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এ বিষয়ে দাদপুর-সাহেবগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল লতিফ বলেন, জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে নিয়মতান্ত্রিকভাবে দ্বিতীয় স্থান অধিকারীকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এখন বেতনও পাচ্ছেন। ডিজির প্রতিনিধি কেন এসব করছেন, তা তিনি বুঝতে পারছেন না বলেন জানান।
দাদপুর-সাহেবগঞ্জ উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নিয়োগকালীন সদস্য রফিকুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক তাঁর পছন্দের লোক নিয়োগের জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম করে চলেছেন। এ নিয়ে মামলা পর্যন্ত হয়েছে। ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর প্রধান শিক্ষক তাঁর কাছের লোকজন নিয়ে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করে অবৈধভাবে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দিয়েছেন।
এম আর দাখিল মাদ্রাসার সুপার আনোয়ার হোসেন বলেন, যা করা হয়েছে বিধি অনুযায়ী ও জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করেই করা হয়েছে। নিয়োগ পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকারীকে নিয়োগ দেওয়ায় কোনো অনিয়ম হয়নি বলে তিনি উল্লেখ করেন।
রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী গত শনিবার বলেন, দাদপুর-সাহেবগঞ্জ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা ছিলেন। এম আর দাখিল মাদ্রাসার নিয়োগ কমিটিতে তিনি নিজে ছিলেন। তাঁরা ফলাফল অনুযায়ী প্রথম স্থান অধিকারীকে নিয়োগ দেওয়ার সুপারিশ করেন।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম বলেন, দুটি প্রতিষ্ঠানের নিয়োগই নিয়োগ কমিটি ও ব্যবস্থাপনা কমিটির সুপারিশ অনুযায়ী সম্পন্ন হয়েছে। তাদের মতামতের পরিপ্রেক্ষিতে এমপিওর জন্য কাগজপত্র মাউশিতে পাঠানো হয়েছে। নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকারী নিয়োগ না নিলে দ্বিতীয় স্থান অধিকারীকে শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি নিয়োগ দিতে পারে। তারপরও বিষয়টি যাচাই-বাছাই করার জন্য সব কাগজপত্র তাঁর কার্যালয়ে উপস্থিত করার জন্য গত বুধবার (১ জুলাই) দুটি পত্র সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে পাঠানো হয়েছে বলে তিনি জানান।