জালিয়াতির অভিযোগে আটক হলেন নয়জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কলা অনুষদের (‘খ’ ইউনিট) ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করতে গিয়ে ধরা পড়েছেন আট শিক্ষার্থী। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ধরা পড়েছেন সাতজন।
গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলাকালে একজন ও বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে মুঠোফোনের খুদে বার্তায় (এসএমএস) থাকা উত্তরসহ সাত পরীক্ষার্থীকে আটক করা হয়।
জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আটক শিক্ষার্থীরা হলেন ইমাদুর রহমান, তালহা জুবায়ের, ইমরান খান ও নুসরাত জাহান; সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে কামরুল ইসলাম; ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ থেকে মোরশেদ আলম রিয়াদ এবং ঢাকা সিটি কলেজ থেকে রাশেদুল ইসলাম৷
পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রবেশের সময় মুঠোফোন সঙ্গে থাকায় হোসাইন আহমেদ, মানিক চন্দ্র, নাজমুল হোসেন নামের তিনজনকে আটক করা হয়। তাঁদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।
আটক শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁর মুঠোফোনে এসএমএসের মাধ্যমে উত্তরপত্র পাঠান ছাত্রলীগের নেতা মেহেদী হাসান। এ জন্য পরীক্ষার আগেই মেহেদীকে টাকা দিতে হয়েছে৷
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, জালিয়াতির সঙ্গে সংগঠনের কোনো নেতা-কর্মী জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মাদ বলেন, আটক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা বাতিল করে থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কেন্দ্র থেকে অয়ন হাসান নামের এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী জানান, এই পরীক্ষার্থী অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস নিয়ে পরীক্ষা দিচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
‘ক’ ইউনিটের ফল প্রকাশ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল গতকাল শুক্রবার প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ২১ দশমিক ৫০ শতাংশ পরীক্ষার্থী।
গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য নাসরিন আহমাদ প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করেন। তিনি জানান, ‘ক’ ইউনিটের পরীক্ষায় এক হাজার ৬৪০টি আসনের বিপরীতে পাস করেছেন ১৬ হাজার ৮৪০ জন। ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৮০ হাজার ৪৫২ জন আবেদন করেন। এর মধ্যে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় ৭৮ হাজার ২৯৩ জন অংশ নেন। বিভিন্ন ত্রুটি থাকায় ২৯৮ জন পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (<http://admission.eis.du.ac.bd/>) ও মুঠোফোনের মাধ্যমে ফলাফল জানা যাবে।