ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধীন প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ভর্তি-ইচ্ছুক চার শিক্ষার্থীকে গতকাল শুক্রবার দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে প্রশ্ন দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ২২ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল পর্যন্ত এই ২২ জনকে আটক করা হয়।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, ক ইউনিটের ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে জালিয়াতি করার দায়ে হাসিবুল হাসান নামের এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে আটক করেন কর্তব্যরত পরিদর্শক। তিনি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন। তাঁর কাছে কার্ডের মতো দেখতে একটি ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে। এটি মুঠোফোনের মতো কাজ করে। হাসিবুলের কানে খুবই ছোট একটি হেডফোন ছিল, যার মাধ্যমে বাইরে থেকে কেউ উত্তর সরবরাহ করছিলেন, আর তিনি শুনে তা লিখছিলেন।
পরীক্ষার পর দুপুরে প্রক্টরের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী মাহবুব বলেন, ওই শিক্ষার্থীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসিবুল বলেছেন, ছয় লাখ টাকার বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের ছাত্র ফরহাদ মাহমুদের সঙ্গে তাঁর পরীক্ষার হলে উত্তর সরবরাহের চুক্তি হয়েছিল। ফরহাদকে আটকের চেষ্টা চলছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মাদ বলেন, ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন বহন করার ওপর নিষেধাজ্ঞা অমান্য ও ডিজিটাল জালিয়াতির প্রমাণ পাওয়ায় তিনজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাঁদের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ তিনজন হলেন ভর্তি-ইচ্ছুক আবদুর রহমান মজুমদার, মাসুদুর রহমান ও তেজগাঁও কলেজের শিক্ষার্থী কফিলউদ্দীন মাহমুদ। দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা নাহার তাৎক্ষণিক ওই তিনজনকে দুই বছর করে কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেন।
২২ জন আটক: মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে তেজতুরী বাজার, তেজকুনীপাড়া, নাখালপাড়া ও ফার্মগেট এলাকায় প্রশ্নপত্র এনে দেওয়ার নামে প্রতারণা করে বিভিন্নজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ১২ জনকে আটক করা হয়। এ ছাড়া গতকাল বিভিন্ন এলাকা থেকে আরও ১০ জনকে আটক করা হয়।