রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে গতকাল বুধবার জালিয়াতির অপরাধে আরও নয়জনের বিরুদ্ধে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আট ছাত্রকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এফ ও এইচ ইউনিটের পরীক্ষা চলাকালে দুপুরে ও বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নিলুফা বেগম এই সাজা দেন। এ ছাড়া পরীক্ষার হলে কথা বলায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রথম বর্ষের ছাত্র জামশেদুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের আশিকুর রহমান, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের আনাস মোহাম্মদ মারুফ, রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের আব্দুল্লাহ আল নোমান, রুয়েটের তুষার চক্রবর্তী, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মশিউর রহমান, পাবনা অ্যাডওয়ার্ড কলেজের সিদ্দিকুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের পরীক্ষার্থী জিকেন আলী। তাঁরা সবাই পরীক্ষার হলে ওএমআর শিট পরিবর্তন ও দেখাদেখি করছিলেন। এ ছাড়া কুষ্টিয়ার দৌলতপুরের হাসানুল বারী পরীক্ষার হলে মুঠোফোন ডিভাইসসহ আটক হওয়ায় তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এর আগে গত মঙ্গলবার ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে চার শিক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত।
জানতে চাইলে নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিকেলে প্রথম আলোকে বলেন, দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।