জালিয়াতি করে ২০১৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার দায়ে পাঁচ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এ ছাড়া এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ভুলত্রুটির অভিযোগে ১০ পরীক্ষককে পাবলিক পরীক্ষার কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল সোমবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সভায় সভাপতিত্ব করেন।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, চট্টগ্রাম নগরের কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের পাঁচ ছাত্র মোহাম্মদ কামাল উদ্দিন উচ্চবিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ছাড়পত্র নেয়। কিন্তু তারা সেখানে ভর্তি না হয়ে সিটি পাবলিক স্কুলে ভর্তি হয়। তবে শেষ পর্যন্ত এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোহাম্মদ কামাল উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে। এই জালিয়াতির দায়ে গত ২৬ মে অনুষ্ঠিত বোর্ডের শৃঙ্খলা কমিটির সভায় এই পাঁচ পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষার ফল স্থগিত করা হয়। জালিয়াতি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম প্রথম আলোকে জানান, অধিকতর তদন্তে ছাড়পত্র জালিয়াতির সঙ্গে পাঁচ পরীক্ষার্থীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাই তাদের পরীক্ষা বাতিল করা হয়।
এর আগে গত ২৬ মে জালিয়াতি করে ২০১৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে ১০ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে শিক্ষা বোর্ড।
এদিকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নে ভুলত্রুটি করায় সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, এসএসসি পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নের সময় বেশি ভুলত্রুটি করায় ১০ পরীক্ষককে পাবলিক পরীক্ষার কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া উত্তরপত্র মূল্যায়নে অবহেলা করায় ৫০ পরীক্ষককে সতর্ক করে দেওয়া হয়।