হবিগঞ্জ সোনালী ব্যাংক থেকে চেক জালিয়াতির মাধ্যমে ১৪ লাখ টাকা উত্তোলন করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি এ ঘটনার জন্য ব্যাংক, চেকদাতা প্রতিষ্ঠান সড়ক ও জনপথ বিভাগ এবং একজন ঠিকাদারকে অভিযুক্ত করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তালিকাভুক্ত ঠিকাদার ও হবিগঞ্জ শহরের শায়েস্তানগর আবাসিক এলাকার বাসিন্দা আবদুস শহীদ হবিগঞ্জ-বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের কিছু অংশের সংস্কারকাজের ঠিকাদার ছিলেন। তিনি গত মে মাসে কাজ শেষে তাঁর বিল উত্তোলনের জন্য সওজ বিভাগের সঙ্গে যোগাযোগ করলে হিসাবরক্ষক দেলোয়ার হোসেন বলেন, আবদুস শহীদের কোনো বিল পাস হয়নি। এভাবে দু-তিন মাস চলে যায়।
এদিকে আবদুস শহীদ গত বৃহস্পতিবার জানতে পারেন, গত ২৫ মে ৪ লাখ ৮৮ হাজার ৩১৯ টাকার ও ২৯ জুন ৮ লাখ ৮৯ হাজার ৬৫ টাকার দুটি চেক তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবদুস শহীদের নামে ইস্যু হয়েছে। পরে তিনি সোনালী ব্যাংক হবিগঞ্জ শাখার তাঁর হিসাব নম্বরে খোঁজ নিয়ে জানতে পারেন তাঁর এ হিসাবে কোনো টাকা জমা হয়নি। তবে তাঁর নামের সঙ্গে মিল রয়েছে একই ব্যাংকের একজন গ্রাহক এস এস এ শহীদ নামে গত ২৫ মে ৪ লাখ ৮৮ হাজার ৩১৯ টাকার এবং গত ২৯ জুন ৮ লাখ ৮৯ হাজার ৬৫ টাকা তাঁর নামের সওজ প্রদত্ত চেক জমা হয়। আবার একই তারিখে টাকাগুলো উত্তোলন করা হয়।
এরপর আবদুস শহীদ সওজ বিভাগের সঙ্গে যোগাযোগ করলে হিসাবরক্ষক দেলোয়ার হোসেন বলেন, তাঁর চেক অনেক আগেই ইস্যু হয়েছে। ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি এড়িয়ে যায়।
হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার এস এস এ শহীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান। এত টাকাপয়সা তাঁর নেই। তাঁর প্রতিবেশী একই এলাকার ঠিকাদার মোহাম্মদ আলী একদিন তাঁর কাছে এসে বলেন, তাঁর ব্যাংক হিসাবে
কিছু টাকা রাখবেন, পরে তুলে নেবেন। তিনি রাজি হন। তাঁর হিসাব নম্বরে দুবারে ১৪ লাখ টাকা জমা হয়। এ টাকা উত্তোলন করে মোহাম্মদ আলীর কাছে হস্তান্তরও করেন।
প্রতারণার শিকার ঠিকাদার আবদুস শহীদ দাবি করেন, টাকা উত্তোলনের সঙ্গে ব্যাংকের কিছু কর্মকর্তা ও কর্মচারী এবং সওজের ঠিকাদার মোহাম্মদ আলী জড়িত। তাঁর সঙ্গে আছেন দেলোয়ার হোসেন। এ বিষয়ে তিনি মামলা করবেন।
ঠিকাদার মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি এ জালিয়াতির সঙ্গে জড়িত নন। এখানে তাঁকে হেয় করার চেষ্টা চলছে।
দেলোয়ার হোসেন বলেন, তিনি এ দুটি চেক ঠিকাদার মোহাম্মদ আলীর কাছে হস্তান্তর করেছেন। আবদুস শহীদ ঠিকাদারকে চেকগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল। এরপর কী হয়েছে তা তিনি জানে না।
সোনালী ব্যাংকের হবিগঞ্জ প্রধান শাখার ব্যবস্থাপক মো. এমরান উল্লাহ বলেন, তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছেন। হবিগঞ্জ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন বলেন, তিনিও এ ধরনের ঘটনা ঘটেছে বলে শুনেছেন। বর্তমানে তিনি প্রধান কার্যালয়ে আছেন। হবিগঞ্জ কার্যালয়ে আসার পর তদন্ত করে দেখবেন।