জাসদ নেতা মশিউরকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগে সদ্য যোগ দেওয়া পল্লিচিকিৎসক লুৎফর রহমান ওরফে সাবুকে কুপিয়ে হত্যার ঘটনায় স্থানীয় জাসদের নেতা ও আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান ওরফে মিলনকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।

হত্যাকাণ্ডের চার দিন পর গতকাল রোববার সকালে নিহত ব্যক্তির ছোট ভাই হাবিবুর রহমান মিরপুর থানায় মামলা করেন। এতে মিরপুর উপজেলা জাসদের সহসভাপতি মশিউর রহমানের আরও কয়েকজন সহযোগীকেও আসামি করা হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৮-১০ জনকে। তবে হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।

ওসি রফিকুল ইসলাম বলেন, ‘গ্রাম্য কোনো বিষয় বা রাজনৈতিক কোনো কারণে হত্যাকাণ্ডটি হতে পারে। তবে তদন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো কিছুই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। পুলিশের একাধিক দল আসামি ও ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে মাঠে কাজ করছে।’

উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন লুৎফর রহমান। প্রায় পাঁচ মাস আগে আনুষ্ঠানিকভাবে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এর আগে গত ইউপি নির্বাচনে আমবাড়িয়া ইউনিয়ন থেকে বিএনপির প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জাসদের প্রার্থী মশিউরের কাছে হেরে যান। গত বুধবার লুৎফর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই তাঁর ভাই হাবিবুর রহমান বলে আসছিলেন, হত্যার পেছনে জাসদের নেতা মশিউর ও তাঁর লোকজন জড়িত।

হত্যাকাণ্ডের পর মশিউর রহমানের বাড়ি এবং মিরপুর উপজেলা জাসদের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাল্টা মামলা করা হতে পারে বলে জানা গেছে। মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মেদ আলী গতকাল বলেন, ‘কাল সোমবার (আজ) দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করা হবে। রাজনৈতিক হামলা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।’