কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাজমুল ইসলাম ওরফে সাগর (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলেছে, তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা ইসমাইল হোসেন ওরফে পাঞ্জের হত্যা মামলার আসামি ছিলেন।
যশোরে ডাকাত দলের সঙ্গে এক বন্দুকযুদ্ধে ৯ জন আহত হয়েছে বেল দাবি করেছে পুলিশ।
কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে। পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও রামদা উদ্ধার করার দাবি করেছে।
নিহত নাজমুল ইসলাম দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি কামারপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। অন্যদিকে ইসমাইল হোসেন জাসদের মিরপুর উপজেলা শাখার সাবেক সহসভাপতি। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। ২০১৪ সালের ১৪ এপ্রিল নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন ইসমাইল।
পুলিশের ভাষ্য, বৃহস্পতিবার রাত দুইটার কিছু আগে তারা জানতে পারে, কাতলামারী এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল দুর্বৃত্ত। মিরপুর থানার টহল পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা তাদের লক্ষ৵ করে গুলি ও কয়েকটি ককটেল ছোড়ে। তখন আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষে শুরু হয় বন্দুকযুদ্ধ। পুলিশের দাবি, এতে তাদেরও দুই সদস্য আহত হয়েছেন।
পুলিশ বলেছে, বন্দুকযুদ্ধে নাজমুল গুলিবিদ্ধ হয়, অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ নাজমুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি শাটারগান, তিনটি গুলি ও দুটি রামদা উদ্ধার করা হয়। নাজমুলের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ দাবি করেন, নাজমুল জাসদ নেতা পাঞ্জের হত্যায় সরাসরি অংশ নিয়েছিলেন। ওই ঘটনায় হওয়া মামলায় দুই মাস আগে জামিনে মুক্তি পেয়ে তিনি ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। ওসি বলেন, নাজমুলের বিরুদ্ধে দুই থানায় অন্তত চারটি মামলা রয়েছে।
যশোরে আহত ৯: যশোরে ডাকাত দলের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চার পুলিশসহ নয়জন আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কে এম আরিফুল হকের দাবি, যশোর-ঢাকা মহাসড়কের খাজুরা বাজার এলাকায় গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে ডিবি পুলিশের ছদ্মবেশে একদল ডাকাত একটি মাইক্রোবাসে করে যাচ্ছিল। এ সময় টহল পুলিশ গাড়িটির গতিরোধ করলে তার ভেতর থেকে গুলি ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলিতে আহত হয় নয়জন। আটক করা হয় পাঁচ ডাকাতকে।
আটক কথিত ডাকাতেরা হলো মুন্সিগঞ্জের মেদিনীমণ্ডল গ্রামের আবদুল হাই, খুলনার ডাল মিল এলাকার ফারুক ওরফে বাদশা, ঢাকার সাভারের বাকুদা এলাকার আনিসুর রহমান, ঝালকাঠির উত্তর কাঁঠালিয়া গ্রামের হাসান আবদুল্লাহ ও সিলেটের গোলাবক্স শিলঘাট গ্রামের রাজীব হোসেন।
পুলিশ বলেছে, আহত ব্যক্তিদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র, গোয়েন্দা পুলিশের পোশাক, একটি ওয়াকিটকি ও কয়েকটি ধারালো অস্ত্র।