প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার রাত পৌনে নয়টার দিকে মামলাটি করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, এর আগে একই অভিযোগে মার্কিন আদালতে মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে রিজভী আহমেদ সিজারের সাজা হয়েছে। জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ মামুনও নিউইয়র্কে রয়েছেন।
ডিএমপি তথ্য ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলামের ভাষ্য, পল্টন থানায় মামলাটি হয়েছে। মামলার নম্বর ১। ডিবি দক্ষিণের পরিদর্শক ফজলুর রহমান মামলাটি করেন।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিউইয়র্কে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের সঙ্গে বিএনপি এবং জোটের কোনো কোনো নেতা জড়িত বলে তাঁরা তথ্য পেয়েছেন। এই ষড়যন্ত্রে জোটের কোনো কোনো নেতা অর্থ জোগান দিয়েছেন ও কিছু অর্থ লেনদেনও হয়েছে।
মনিরুল ইসলামের ভাষ্য, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) জানতে পারে যে এফবিআইয়ের সাবেক ও বর্তমান দুই এজেন্ট ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। তাঁরা হলে, রবার্ট লাসটিক ও জোহান্স থ্যালার। তাঁরা জয় সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করতেন। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। মার্কিন আদালতে মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে রিজভী আহমেদ সিজারের ৪২ মাস ও জোহান্স থ্যালারের ৩০ মাস সাজা হয়। অন্য একটি ঘটনায় লাসটিকের বিচার চলছে।
মনিরুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে মামলার তথ্য পাওয়া গেছে। মামলার এজাহারেও এসব বিষয়ের উল্লেখ রয়েছে।