জাহাঙ্গীর হত্যাকাণ্ডে আরেকজন গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরেকজনকে পুলিশ গত বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে। তাঁকে গতকাল বৃহস্পতিবার রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া মুঞ্জুরুল ইসলাম ওরফে মুঞ্জু সরদার (২২) এ হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি। তিনি উপজেলার উজানচর ইউনিয়নের গফুর মাতবর পাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার দিকে গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশন এলাকার একটি চায়ের দোকান থেকে মুঞ্জুরুলকে গ্রেপ্তার করে পুলিশ।
পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেনকে গত সোমবার রাতে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা উপজেলা তরুণ লীগ সভাপতি তুহিন দেওয়ানও আহত হন। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে হাতেনাতে অস্ত্রসহ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান আহম্মেদকে আটক করে পুলিশে দেয়। বুধবার বিকেলে নিহত ব্যক্তির বাবা ইসমাঈল মোল্যা বাদী হয়ে ইমরান আহম্মেদকে প্রধান আসামি করে ছাত্রলীগ ও যুবলীগের ১১ জন নেতা-কর্মীর নামে মামলা করেন।