জাহাঙ্গীর হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার
ঢাকা মহানগর আওয়ামী লীগের ৪১ নম্বর ওয়ার্ডের নেতা জাহাঙ্গীর আলম (৩৫) হত্যার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আমেনা খাতুন (২৭), জান্নাতুল নাঈম (২২) ও ইয়াসিন সরকার (৩৪)।
আজ মঙ্গলবার বেলা তিনটায় র্যাবের সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের নবীনগর বাসস্ট্যান্ড থেকে আমেনাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আদাবর থেকে জান্নাতুলকে এবং সকাল ছয়টার দিকে পশ্চিম আগারগাঁও থেকে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়।
মুফতি মাহমুদ খান সংবাদ ব্রিফিংয়ে দাবি করেন, জাহাঙ্গীরের স্ত্রী পারভীনের ভাই মিন্টু এ হত্যাকাণ্ডের মূল হোতা। মিন্টু বিদেশে থেকেই গ্রেপ্তার হওয়া ওই তিনজনের যোগসাজশে জাহাঙ্গীরকে হত্যা করে। হত্যার কারণ হিসেবে জাহাঙ্গীরের সঙ্গে মিন্টুর মাদক ব্যবসা ও রাজনৈতিক দ্বন্দ্বের কথা উল্লেখ করেন র্যাবের এই কর্মকর্তা। আমেনা সম্পর্কে এই কর্মকর্তার দাবি, তিনি মিন্টুর ঘনিষ্ঠজন কবীরের স্ত্রী। তিনি এ হত্যাকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিলেন।
গ্রেপ্তার হওয়া জান্নাতুল সংবাদ ব্রিফিংয়ে বলেন, দুই লাখ টাকার চুক্তিতে তাঁরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ইয়াসিন এ ব্যাপারে মধ্যস্থতা করেছেন।
কিন্তু নিহত জাহাঙ্গীরের স্ত্রী পারভীনের দাবি, র্যাব যে মাদকে ব্যবসার দ্বন্দ্বের দাবি তুলছে, মিন্টুর সঙ্গে জাহাঙ্গীরের তেমন কোনো বিরোধ ছিল না। তাঁর মতে, এর পিছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচন করার দাবি জানান তিনি।
৯ আগস্ট রাতে পশ্চিম আগারগাঁওয়ের বাসার ফটকে গাড়ি থেকে নামার সময় অস্ত্রধারী দুই যুবক জাহাঙ্গীরকে গুলি চালিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের তিন দিন পর এ ঘটনায় মামলা করে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।
তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, কোরবানির পশুর হাটের ইজারা, এলাকার আধিপত্য বিস্তারসহ রাজনৈতিক একাধিক কারণে ওয়ার্ড আওয়ামী লীগের সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী জাহাঙ্গীরকে খুন করা হয়।