জাহাঙ্গীর হত্যার মূল আসামি যুবলীগ কর্মী গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদী বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যা মামলার মূল আসামি যুবলীগ কর্মী শফিকুল ইসলাম ওরফে শফিককে (৩৯) গ্রেপ্তার করা হয়েছে। মামলার এক বছর ছয় মাস পর পুলিশ গত রোববার রাতে শহরের আমবাগান থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গত বছর ২৭ জানুয়ারি রাতে ঈশ্বরদী বাজারের কলেজ রোডে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে (৩৮) সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। ওই রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরদিন জাহাঙ্গীরের স্ত্রী আলো বেগম ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় শফিকুলকে প্রধান আসামি করা হয়।
ঈশ্বরদী থানার ওসি আবু ওবায়েদ বলেন, শফিকুলের বিরুদ্ধে হত্যা, মাদক ব্যবসা, চাঁদাবাজি, পুলিশের ওপর হামলাসহ আটটি মামলা রয়েছে। এ ছাড়া গত রোববার পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধাদান ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে শফিকুল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।
থানা-পুলিশ সূত্র জানায়, ঈশ্বরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শফিকুলকে আমবাগান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে ওঠানো হয়। এ সময় শফিকুলকে ছিনিয়ে নেওয়ার জন্য তাঁর সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ও রাস্তায় তাঁদের মোটরসাইকেল ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ শফিকুলকে দ্রুত ঈশ্বরদী থানায় নিয়ে আসে। গতকাল তাঁকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।