টাঙ্গাইলের মির্জাপুরে তিন মেয়েসহ মাকে হত্যার ঘটনায় অভিযুক্ত এবং মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মির্জাপুর থানায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান এ ঘোষণা দেন। এ ছাড়া তথ্যদাতাদেরও নাম-পরিচয় গোপন রেখে পুরস্কার দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় গত সোমবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামে মালয়েশিয়াপ্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩৫) এবং তাঁর তিন মেয়ে উপজেলার গোড়াই উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মনিরা আক্তার (১৪), বাক্প্রতিবন্ধী মীম আক্তার (১০) ও ব্র্যাক স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী মলি আক্তারকে (৭) ঘরে ঘুমন্ত অবস্থায় পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওই গ্রামের জাহাঙ্গীর আলমকে প্রধান করে ১০ জনকে আসামি করে মির্জাপুর থানায় মজিবর রহমানের শ্যালক মোফাজ্জল হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন।
মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) নুর ইসলাম গতকাল সকাল সাতটার দিকে মামলার এজাহারভুক্ত আসামি জাহাঙ্গীরের চাচা বদর উদ্দিনকে (৪২) পার্শ্ববর্তী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদি গ্রামে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করেছেন।
এ ছাড়া মামলার এজাহারভুক্ত প্রধান আসামি জাহাঙ্গীর আলমসহ (২৬) অন্য আসামি তাঁর বাবা বাহার উদ্দিন (৫৫), চাচা আবুল কাশেম (৫০), আবুল কালাম (৪৫), খোরশেদ (৩৫), চাচাতো ভাই নুর মোহাম্মদ নিপু (২৪), আত্মীয় মোগর আলী (৫৫), খবির উদ্দিন (৫৫) ও শাহ আলম (৩০) এখনো পলাতক রয়েছেন।
গতকাল পর্যন্ত এ মামলার একজন এজাহারভুক্ত আসামিসহ সন্দেহভাজন নয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে জাহাঙ্গীরের ছোট ভাই মো. হানিফের তিন দিনের রিমান্ড শেষে তাঁকে গতকাল দুপুরে টাঙ্গাইলের জেলহাজতে পাঠানো হয়েছে।
জাহাঙ্গীর কোথায়?
পুলিশ ঘটনার পাঁচ দিন পরও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করতে পারেনি। জাহাঙ্গীর কোথায়—দেশে আছেন, না বিদেশে পালিয়ে গেছেন, গণমাধ্যমকর্মীদের এ প্রশ্নের জবাবে ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, ‘সে হয়তো দেশেই আছে। বিদেশে পালিয়ে যেতে পারেনি। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে। তা ছাড়া সে যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে, সে জন্য সীমান্তে সতর্কাবস্থা রাখা হয়েছে।’
এ সময় উপস্থিত স্ত্রী ও সন্তানহারা মজিবর রহমান ও তাঁর শ্যালক মামলার বাদী মোফাজ্জল হোসেন হাউমাউ করে কেঁদে ওঠেন। একই সময় তাঁর শ্বশুর আলাল উদ্দিন হাতজোড় করে ডিআইজির কাছে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
প্রয়োজনে দ্রুত বিচার আইনে বিচার
ঢাকা রেঞ্জের ডিআইজি মতবিনিময়কালে আরও বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনে দ্রুত বিচার আইনে বিচারকাজ শেষ করা হবে। তিনি জানান, গত মে মাসে মজিবর রহমানের পরিবারের পক্ষ থেকে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগে জাহাঙ্গীর ও তাঁর পরিবারের লোকজন তাঁদের নানাভাবে হুমকি দিত বলে উল্লেখ করে নিরাপত্তা চেয়েছিল। তবে বিষয়টি এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পারিবারিকভাবেই মীমাংসা হয়েছিল। ঘটনার এক সপ্তাহ আগে জাহাঙ্গীর হাসনা বেগমের গলা চেপে ধরেছিলেন—তথ্যটি স্বীকার তিনি বলেন, বিষয়টি পুলিশকে জানানো হলে হত্যার মতো নৃশংস ঘটনা ঘটত না।