জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবারও ককটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের উত্তর পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে এসব ককটেল উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

এর আগে গতকাল সোমবার রাত নয়টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং অবিস্ফোরিত অবস্থায় আরেকটি ককটেল উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় শহীদ রফিক-জব্বার হলের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আহমেদকে গ্রেপ্তার করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলসংলগ্ন কলাবাগান মাঠে স্থানীয় স্কুলপড়ুয়া ছেলেরা ক্রিকেট খেলছিল। তখন বল খুঁজতে গিয়ে তারা একটি ককটেল পায়। কিন্তু এটিকে ককটেলটি বুঝতে না পেরে তা নিয়ে ছোড়াছুড়ি করার একপর্যায়ে ককটেলটি বিস্ফোরিত হলে ছেলেরা আতঙ্কে চিৎকার করে ওঠে। তবে কেউ হতাহত হয়নি।
এ সময় আশপাশে থাকা লোকজন এগিয়ে আসে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে পুলিশসহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তল্লাশি চালিয়ে পুলিশ শহীদ রফিক-জব্বার হলের উত্তর পাশ থেকে অবিস্ফোরিত চারটি ককটেল উদ্ধার করে।

প্রক্টর তপন কুমার সাহা বলেন, নিষ্ক্রিয় করে পুলিশ ককটেল চারটি নিয়ে গেছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে এসব ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারসহ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।