জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি বাসে অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক হামলা চালিয়েছেন। এতে বাসের চালকসহ তিনজন আহত হন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বাসের যাত্রীদের ধারণা, হামলাকারীদের কেউ জহুরুল হক হলের ছাত্র। হামলার শিকার হওয়া বাসের যাত্রী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অলি মাহমুদ প্রথম আলোকে বলেন, বাসটি জহুরুল হক হলের সামনে আসার পর কয়েকজন যুবক বাসে ওঠে চালককে মারধর করতে শুরু করেন। তাঁরা বলতে থাকেন, বাসটি বিশ্ববিদ্যালয় এলাকার ভেতর দিয়ে কেন যাচ্ছে। এ সময় বাসের যাত্রীরা প্রতিবাদ করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে আরও কয়েকজনকে মারধর করেন। অলি মাহমুদ বলেন, তাঁরা জহুরুল হক হলের প্রথম বা দ্বিতীয় বর্ষের ছাত্র হতে পারেন। কেননা, মারামারির একপর্যায়ে জ্যেষ্ঠতম একজন তাঁদের নিবৃত্ত করেন।
প্রত্যক্ষদর্শী রিকশাচালক আবদুল লতিফ বলেন, বাসটি উল্টোদিকের রাস্তায় চলছিল। হঠাৎ করেই কয়েকজন ছাত্র বাসে চড়ে মারামারি শুরু করেন। এর আগে কী হয়েছিল, তিনি জানেন না।
যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী প্রথম আলোকে বলেন, তিনি এ অভিযোগ শুনেছেন। ঘটনা যারা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।