জাহাঙ্গীরনগরের শিক্ষককে লাঞ্ছিত করল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।
রাকিব আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১০টার দিকে সিলেট যাওয়ার জন্য তিনি তাঁর মা-বাবাকে নিয়ে ব্যক্তিগত গাড়িযোগে বিমানবন্দর রেলস্টেশনে যাচ্ছিলেন। গাড়ি উত্তরা হাউস বিল্ডিং এলাকায় পৌঁছালে ইমরান নামের ট্রাফিক উত্তরের এক সার্জেন্ট গাড়ি থামাতে বলেন। গাড়ি থামানোর পর ওই কর্মকর্তা গাড়ির কাগজপত্র তলব করেন। তাঁর (রাকিব) গাড়িচালক কাগজপত্র দেখান। কাগজপত্র হাতে নেওয়ার পর ওই কর্মকর্তা গাড়ি জব্দ করা হবে বলে জানান। এমন পরিস্থিতিতে তিনি (রাকিব) ওই কর্মকর্তাকে অনুরোধ করে জানান, তিনি মা-বাবাসহ সিলেট যাচ্ছেন। ট্রেন ১০: ২০ মিনিটে। তিনি ওই কর্মকর্তাকে গাড়ির কাগজপত্র রেখে দিয়ে তাঁদের রেলস্টেশন পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিতে অনুরোধ করেন।
রাকিব বলেন, এর পরও ওই কর্মকর্তা রাজি হচ্ছিলেন না। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে পরিচয় দেন। কিন্তু এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই পুলিশ কর্মকর্তা। বিশ্ববিদ্যালয় ও তাঁর মা-বাবাকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে করতে ওই কর্মকর্তা গলা চেপে ধরেন। ওই সময় আশপাশে থাকা আরও কয়েকজন পুলিশ তাঁকে মারধর করতে থাকেন। একপর্যায়ে তাঁকে টেনেহিঁচড়ে পুলিশ বক্সের কাছে নিয়ে যাওয়া হয়। এ সময় আশপাশের লোকজনও ছেড়ে দিতে অনুরোধ করলে তা-ও রক্ষা করেননি ওই কর্মকর্তা।
রাকিব আহমেদ বলেন, ‘অনুরোধের পরও একজন পুলিশ কর্মকর্তার এমন আচরণে আমি হতবাক ও মর্মাহত।’
ফোনে ঘটনার বিষয়ে জানতে চাইলে ইমরান মারধরের কথা অস্বীকার করেন। তবে বলেন, ‘আমি মাফ চেয়েছি। তিনি মাফ করে দিয়েছেন।’
গতকাল রাত সাড়ে ১০টার দিকে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসাইন খান প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি।’ তবে কয়েক ঘণ্টা পর ঘটনার বিষয়ে জানতে তাঁকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
গতকাল রাত একটার দিকে উত্তরা পূর্ব থানায় গিয়ে রাকিব আহমেদ লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
রাতে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর ট্রাফিক উত্তরের সহকারী পুলিশ কমিশনার মেরিন সুলতানা প্রথম আলোকে বলেন, ‘অভিযোগ ওঠা ওই কর্মকর্তা ট্রাফিক উত্তরের সার্জেন্ট ইমরান বলে জানতে পেরেছি। লিখিত অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তক্রমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’