জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের ১৬ জন বহিষ্কার, তদন্ত কমিটি গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতার কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনায় সংগঠনটির ১৬ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঘটনা তদন্তে সিন্ডিকেটের সদস্য রাশেদা আক্তারকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় এসব সিদ্ধান্ত হয় বলে প্রক্টর তপন কুমার সাহা প্রথম আলোকে জানান।
বহিষ্কৃত ছাত্ররা হলেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক ইসতেহাদ আহমেদ ওরফে বিজয়, সাংগঠনিক সম্পাদক কে এম নুরুন নবী এবং মওলানা ভাসানী হল শাখার সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈ, ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের মো. খায়রুজ্জামান ওরফে সঞ্চয়, মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের খন্দকার নইম-উল ইসলাম ওরফে নইম ও দ্বিতীয় বর্ষের তানভীর সজীব, মো. আদেল আল নোমান, কাজী রায়হান হাবীব, পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের কিশোর দাশ ও শিহাব খন্দকার ওরফে শিহাব, উদ্ভিদবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের সাদ্দাম হোসেন ও দ্বিতীয় বর্ষের শাকিলউজ্জামান ওরফে শাকিল, নৃ-বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এম মাঈনুল হোসাইন ওরফে রাজন, পরিবেশ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শান্ত কুমার নাথ ও দ্বিতীয় বর্ষের রাজপ্রসাদ ওরফে রাজ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের মো. নিশাত রহমান।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈর পক্ষের নেতা-কর্মীরা একই হলের ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদের পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার দিবাগত ভোর রাত চারটার দিকের ওই হামলার ঘটনায় ফয়সালসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফয়সালের পক্ষের নেতা-কর্মী বেশির ভাগই হলের দক্ষিণ পাশে মেঘনা হাউসের তৃতীয় তলায় থাকতেন। হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কে এম নুরুন নবীসহ সাত-আটজন কর্মী রামদা, রড, লোহার পাইপ ও হকিস্টিক নিয়ে সেখানকার ১৭টি কক্ষে হামলা চালান। এ সময় ৩১০ ও ৩১৩ নম্বর কক্ষের দরজা ভেঙে ফয়সাল সমর্থকদের ওপর হামলা চালানো হয়। ঘটনার পর হলে তল্লাশি চালিয়ে দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে কাউকে আটক করা হয়নি।
অনিন্দ বাড়ৈ প্রথম আলোকে বলেন, ‘আমার অনেক নেতা-কর্মীকে সভাপতি পক্ষের নেতা-কর্মীরা হল থেকে বের করে দিয়েছে। ওরাই আমার ওপর আগে হামলা করেছে। তাই আত্মরক্ষার্থে আমার পক্ষের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালায়।’
তদন্ত কমিটি গঠন
হামলার ঘটনায় সিন্ডিকেট সদস্য রাশেদা আখতারকে প্রধান এবং উপ-রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি-২) এ বি এম আজিজুর রহমানকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন সিন্ডিকেট সদস্য হানিফ আলী, প্রক্টর তপন কুমার সাহা এবং প্রাধ্যক্ষ কমিটির সভাপতি শাহেদুর রশিদ। কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তপন কুমার সাহা প্রথম আলোকে জানান, তদন্ত কমিটি কাজ করা পর্যন্ত এরা বহিষ্কৃত হিসেবে থাকবে। এ সময় তারা হলেও অবস্থান করতে পারবে না।