জাহাঙ্গীরনগরের ৪ ছাত্রলীগ নেতা-কর্মী বহিষ্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল শাখার কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ ছাড়া ওই হল শাখা ছাত্রলীগের চার নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক গত ২১ আগস্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ভাসানী হলের কমিটি বিলুপ্ত করা হলো। এ ছাড়া বিজ্ঞপ্তিতে ওই হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈ এবং কর্মী বিজয়, সঞ্জয় ও শান্তকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।’
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিন্দ বাড়ৈর পক্ষের নেতা-কর্মীরা একই হলের ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদের পক্ষের নেতা-কর্মীদের ওপর বুধবার ভোরে হামলা চালান। ওই হামলার ঘটনায় অন্তত সাতজন আহত হন। এ ঘটনায় সংগঠনটির ১৬ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। এরপর আজ কেন্দ্রীয় ছাত্রলীগ মওলানা ভাসানী হল শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করল।