ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে হামলার ঘটনায় রসরাজ দাসের মোবাইল ফোন ও মেমোরি কার্ডে নমুনা ছবির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বরং গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলমের ব্যবহৃত কম্পিউটারে ধর্মীয় অবমাননাকর সেই ছবিটি সংরক্ষণের পর এডিট হয়। কিছু সময় পর সেই ছবি মুছে ফেলা হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দুটি তদন্ত প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন দুটি পিবিআই জেলা গোয়েন্দা পুলিশের কাছে পাঠিয়েছে। গতকাল সোমবার জেলা গোয়েন্দা পুলিশ ওই প্রতিবেদন ব্রাহ্মণবাড়িয়ার আদালতে জমা দেন।
এই হামলার ঘটনায় দায়ের করা মামলার একটিতে গ্রেপ্তার হওয়া রসরাজ দাসের জামিন আজ মঙ্গলবারও হয়নি। অধিকতর শুনানি ও রসরাজ দাসের উপস্থিতিতে জামিনের শুনানির জন্য মামলার পরবর্তী তারিখ ১৬ জানুয়ারি ধার্য করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মিয়া আজ এ আদেশ দেন। রসরাজ দাস ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আছেন।
রসরাজ দাসের আইনজীবী নাসির মিয়া প্রথম আলোকে বলেন, রসরাজ দাসের জামিন আজ হয়নি। তাঁর উপস্থিতিতে অধিকতর শুনানির জন্য আদালত মামলার পরবর্তী তারিখ ১৬ জানুয়ারি ধার্য করেছেন।
পিবিআইর দুটি তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, রসরাজের মোবাইল ফোন ও মেমোরি কার্ড জব্দ করে পরীক্ষার জন্য আলামত ও নমুনা ছবি গত ১৬ ডিসেম্বর পিবিআইয়ের সাইবার ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শকের কাছে পাঠানো হয়েছিল। পিবিআই সেই প্রতিবেদন জেলা গোয়েন্দা পুলিশের কাছে পাঠিয়েছে। গতকাল জেলা গোয়েন্দা পুলিশ ওই প্রতিবেদন ব্রাহ্মণবাড়িয়ার আদালতে জমা দেন। গৃহীত আলামত ও প্রেরিত ছবিটির (ধর্মীয় অবমাননার অভিযোগে রসরাজের ফেসবুক থেকে পোস্ট হওয়া ছবি) কোনো অস্তিত্ব রসরাজের মোবাইল ফোন ও মেমোরি কার্ডে পাওয়া যায়নি বলে পিবিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে রসরাজ দাসের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ধর্মীয় অবমাননাকর সেই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়নি নিশ্চিত করে গত ২৮ নভেম্বর পিবিআইয়ের ফরেনসিক বিভাগ জেলা পুলিশের কাছে প্রতিবেদন দেয়।
ওসি ও এসআই আরও বলেন, পিবিআই গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলমের আল আমিন সাইবার পয়েন্ট ও স্টুডিওর জব্দ করা কম্পিউটারের বিষয়ে তদন্ত প্রতিবেদনও জেলা গোয়েন্দা পুলিশের কাছে গত রোববার পাঠিয়েছে। ধর্মীয় অবমাননাকর ছবিটি জাহাঙ্গীরের কম্পিউটারে এডিট করা হয়েছে এবং ছবিটি সেখানে কিছু সময় সংরক্ষণের পর মুছে ফেলা হয়েছে বলে পিবিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে ধর্মীয় অবমাননাকর ছবিটি জাহাঙ্গীরের কম্পিউটার ব্যবহার করে ফেসবুকে পোস্ট করা হয়েছে কি না, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
ডিবির কর্মকর্তারা বলেন, প্রতিবেদন দুটি ইতিমধ্যে আদালতে জমা দেওয়া হয়েছে। ২৮ নভেম্বর গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আলম বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।
ঘটনার শুরু থেকেই অভিযোগ ওঠে, জাহাঙ্গীর আলম তাঁর আল আমিন সাইবার পয়েন্ট অ্যান্ড স্টুডিও থেকে ধর্মীয় অবমাননাকর ছবিটি প্রিন্ট করে লিফলেট আকারে এলাকায় বিতরণ করেন। জাহাঙ্গীর আলম ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এটি স্বীকারও করেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরে মন্দির ও হিন্দুদের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে আরও কয়েক দফায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় আটটি মামলায় ১০৪ জন গ্রেপ্তার রয়েছেন।
আরও পড়ুন...
রসরাজের জামিন আজ হয়নি