জাহাজ কাটার নামে শহররক্ষা বাঁধ দখল!

চট্টগ্রামের পতেঙ্গায় একটি জাহাজভাঙা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাহাজ কাটার নামে শহররক্ষা বাঁধের জায়গা অবৈধভাবে দখল করে রাখার অভিযোগ উঠেছে। কাঁটাতার দিয়ে তারা ঘিরে রেখেছে এক একরের বেশি জায়গা। সেখান থেকে তাদের উচ্ছেদের জন্য দুই মাস আগে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কিন্তু প্রশাসন এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না।
পাউবো সূত্রে জানা গেছে, মেসার্স সিক্স স্টার শিপইয়ার্ড লিমিটেড নামের প্রতিষ্ঠানটি গত বছরের জানুয়ারিতে এমভি ওশান পার্ল নামের একটি পুরোনো জাহাজ কেনে। জাহাজটির নিলামকারী মালিক জনৈক ইউসুফ সওদাগর। দুর্ঘটনাকবলিত জাহাজটি পতেঙ্গার চরপাড়া শহররক্ষা বাঁধের অদূরে সাগরে অর্ধেক ডুবন্ত অবস্থায় রয়েছে। জাহাজটি টেনে নেওয়া সম্ভব নয় উল্লেখ করে যেখানে যে অবস্থায় আছে সেভাবে কেটে স্ক্র্যাপ করার অনুমতি চেয়ে গত বছর উচ্চ আদালতে আবেদন করে প্রতিষ্ঠানটি। আদালত আবেদনটি মঞ্জুর করে বন্দর, কাস্টম হাউস, পতেঙ্গা ও কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সহযোগিতা করার নির্দেশনা দেন। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তরকে জাহাজ কাটার অনুমতি দেওয়ারও নির্দেশনা দেন।
এরপর গত বছরের আগস্ট মাসে জাহাজসংলগ্ন পাউবোর শহররক্ষা বাঁধের পাশে সোয়া এক একর জায়গা দখল করে প্রতিষ্ঠানটি। পাউবো থেকে কোনো অনুমতি না নিয়েই টিন, কাঁটাতারের বেড়া ও ঘর তুলে তারা অস্থায়ী শিপইয়ার্ড গড়ে তোলে। বিষয়টি জানতে পেরে গত বছরের ৩০ আগস্ট পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পাউবো।
পাউবো সূত্র জানায়, বাধা পেয়ে সিক্স স্টার শিপইয়ার্ড জায়গা ব্যবহারের অনুমতি চেয়ে পাউবোকে চিঠি দেয়। কিন্তু জাহাজ কাটার কাজ হলে বাঁধের ক্ষতি হবে বিবেচনায় আবেদনটি প্রত্যাখ্যান করে পাউবো। এরপর প্রতিষ্ঠানটি উচ্চ আদালতের দ্বারস্থ হয়। শুনানি শেষে আদালত পাউবোকে সাময়িকভাবে জায়গা ব্যবহারের অনুমতি দেওয়ার নির্দেশনা দেন এবং আবেদনকারী প্রতিষ্ঠানটিকে অনুমতি পাওয়ার দুই মাসের মধ্যে কাজ শেষ করতে বলেন। সে অনুযায়ী গত ২৭ জানুয়ারি প্রতিষ্ঠানটিকে কাজ করার অনুমতি দিয়ে চিঠি দেয় পাউবো। সে চিঠিতে পাউবো উল্লেখ করে, ওই জায়গা ও বাঁধ ব্যবহার করে জাহাজভাঙার কাজ করা হলে নানাভাবে শহর প্রতিরক্ষা বাঁধের দুই-তিন কিলোমিটার অংশ আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে করে সরকারের আনুমানিক ৪৫ কোটি টাকা ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। এ ছাড়া ওই জায়গায় বন বিভাগের ৭৪টি গাছও রয়েছে।
পাউবো জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দেওয়া পাউবোর অনুমতির মেয়াদ শেষ হয়েছে ২৭ মার্চ। কিন্তু নির্ধারিত সময়ে প্রতিষ্ঠানটি জায়গা ছেড়ে যায়নি।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, কাঁটাতারের বেড়া দিয়ে বাঁধের একাংশসহ চারপাশ ঘিরে রেখেছে দখলকারীরা। এর ফলে বাঁধের ওপর দিয়ে চলাচলের রাস্তা বন্ধ হয়ে আছে। দখল করা জায়গায় জাহাজ কাটার বিভিন্ন সরঞ্জাম, জাহাজের দড়ি রাখা আছে। কাঁটাতারের সীমানার একপাশে জেনারেটর ঘর, অন্যপাশে কয়েকটি অস্থায়ী ঘর ও মালবাহী কনটেইনার রাখা আছে। বেড়ার ভেতরে বন বিভাগের বেশ কটি গাছ রয়েছে। মো. সুমন নামের একজন শ্রমিক জানান, জাহাজ কাটা শ্রমিকদের একটা অংশ সেখানে রাতে থাকে। ওই জায়গায় জাহাজ কাটা হয় না, তবে মাঝেমধ্যে অল্প পরিমাণে স্ক্র্যাপ রাখা হয়।
এ বিষয়ে জানতে ইউসুফ সওদাগরের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানের কর্মকর্তা জুনায়েদুল হক জায়গা দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আদালতের অনুমতি নিয়েই কিছু সরঞ্জাম রাখার জন্য আমরা জায়গাটি ব্যবহার করছি। শ্রমিকদের ও আশেপাশের মানুষের নিরাপত্তার স্বার্থে চারপাশে বেড়া দেওয়া হয়েছে। এখানে জাহাজের কোনো অংশ কখনোই তোলা হয়নি।’ বেঁধে দেওয়া সময়ের বিষয়ে তিনি বলেন, ‘দুই মাসে এত বড় জাহাজ কাটা সম্ভব নয়। আমরা আদালতের কাছে সময় প্রার্থনা করব।’
পাউবো চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি আমাদের বাঁধ দখল করে রেখেছে। সেখানে কোনো ধরনের রক্ষণাবেক্ষণ সম্ভব হচ্ছে না। শ্রমিকেরা ওই জায়গা দিয়ে নিয়মিত আসা-যাওয়া ও মালপত্র আনা-নেওয়া করছেন। এতে বাঁধটি হুমকির মুখে আছে। উচ্ছেদের জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছি। আশা করব, অতি দ্রুত তিনি এ বিষয়ে পদক্ষেপ নেবেন।’
যোগাযোগ করা হলে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিনই অবৈধ দখল উচ্ছেদের নোটিশ আসে কার্যালয়ে। পাউবোর নোটিশটির বিষয়ে এ মুহূর্তে কিছু মনে পড়ছে না। ফাইল দেখে যাচাই করে অবশ্যই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’