জাহাজ কোম্পানির কার্যালয়ে হম্বিতম্বি ছাত্রলীগের
চট্টগ্রাম বন্দরে আসা বিদেশি জাহাজের পুরোনো তেল সংগ্রহের কাজ আদায়ের জন্য একটি জাহাজ কোম্পানির কার্যালয়ে লাঠি ও হকিস্টিক নিয়ে হম্বিতম্বি চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে আগ্রাবাদে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে আগ্রাবাদে অবস্থিত জাহাজ কোম্পানির প্রতিনিধি গ্লোবলিংক অ্যাসোসিয়েটসের কার্যালয়ে হানা দেন। এ সময় হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ভবনটির নিচে কয়েক শ নেতা-কর্মী লাঠি ও হকিস্টিক উঁচিয়ে স্লোগান দেন। এর ফাঁকে ৫০-৬০ জন নেতা-কর্মী চারতলায় অবস্থিত গ্লোবলিংকের কার্যালয়ে প্রবেশ করে কর্মকর্তাদের হুমকি দেন।
এ সময় জাকারিয়া দস্তগীর একটি স্ট্যাম্পে সই দেওয়ার জন্য গ্লোবলিংকের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন আ ফ ম রহমতুল বারীকে আগামী দুই বছরে গ্লোবলিংকের যেসব জাহাজ আসবে, সেগুলোতে মেসার্স সিদ্দিক এন্টারপ্রাইজকে কাজ দেওয়ার জন্য চাপ দেন। তখন জাহাজ কোম্পানির কর্মকর্তারা জানান, জাহাজের ক্যাপ্টেন কোনো কাজের জন্য চাহিদাপত্র না দিলে তাঁরা অনুমোদন দিতে পারেন না। এ কথায় নেতা-কর্মীরা কর্মকর্তাদের হুমকি দেন। কয়েকজন কর্মকর্তার দিকে তেড়েও যান ছাত্রলীগের কর্মীরা তখন।
তবে জাকারিয়া দস্তগীর প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আওয়ামী লীগের নেতা দাবিদার নওশাদ পিন্টু সেখানে দলবল নিয়ে কাজ আদায়ের জন্য যায়। আমি সেখানে যাইনি। নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর বন্দরের আন্দোলনের অংশ হিসেবে আমরা মিছিল বের করি।’
জানা গেছে, গ্লোবলিংকের আওতায় চট্টগ্রাম বন্দরে যেসব জাহাজ আসে, সেগুলোর কাজ পেতেন আওয়ামী লীগের নেতা নওশাদ পিন্টু। অনামিকা ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের নামে তিনি এসব কাজ আদায় করতেন। নওশাদ পিন্টুকে কাজ না দিয়ে জাকারিয়া দস্তগীরের মনোনীত প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য গতকাল এ মহড়া দেন নেতা-কর্মীরা।
জানতে চাইলে ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী নওশাদ পিন্টু প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনো হুমকি দিয়ে কাজ আদায় করিনি। অনামিকা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটি আমাদের পারিবারিক প্রতিষ্ঠান। জাকারিয়া দস্তগীরের নেতৃত্বে দুই শতাধিক কর্মী জোর করে কাজ আদায়ের জন্য ওই জাহাজ কোম্পানির কার্যালয়ে হানা দিয়েছিল।’
এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল গতকাল বৃহস্পতিবার রাত নটায় প্রথম আলোকে জানান, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।