জাহাজের ধাক্কায় নৌকা বিধ্বস্ত, জেলেদের উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজের ধাক্কায় একটি মাছ ধরার নৌকা বিধ্বস্ত হয়েছে। জেলেদের উদ্ধার করা হলেও নৌকাটি নিখোঁজ রয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে ওই নৌপথের (বাংলা চ্যানেল) ২ নম্বর বয়া নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথের বোট মালিক সমিতির সভাপতি মো. আবু তালেব জানান, গতকাল বিকেলে পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদ সেন্ট মার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনার প্রায় আধা ঘণ্টা পরে ২ নম্বর বয়ার কাছাকাছি স্থানে মাছ শিকাররত একটি নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায়। আধা ঘণ্টা পরে শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে আসা এসবি ভাই ভাই নামে মো. জাহাঙ্গীরের মালিকানাধীন ট্রলারটি ভাসমান অবস্থায় পাঁচজন জেলেকে উদ্ধার করে।
উদ্ধারকারী সার্ভিস ট্রলারের জয়নাল আবেদীন ওরফে জুনু মাঝি জানান, পাঁচ জেলেকে উদ্ধার করা হলেও নৌকাটি পাওয়া যায়নি। উদ্ধার হওয়া জেলেরা হলেন নজির আহমদ, আসাদ উল্লাহ, করিম উল্লাহ, খলিলুর রহমান ও আবদুল হালিম। নৌকা ও জেলেরা মিয়ানমারের মংডুর ছনখদ্দা বিল গ্রামের। এর মধ্যে তিনজনকে তাঁদের এলাকার একটি নৌকায় তুলে দেওয়া হয়েছে এবং আবদুল হালিম ও নজির আহমদকে চিকিৎসা দেওয়ার জন্য সেন্ট মার্টিনে নেওয়া হয়।
তবে কেয়ারী সিন্দাবাদের টেকনাফের ব্যবস্থাপক মো. শাহ আলম দাবি করেন, তাঁদের জাহাজ কোনো নৌকাকে ধাক্কা দেয়নি। জাহাজের ঢেউয়ের তোড়ে পেছনের দিকে একটি মাছ ধরা নৌকাডুবির খবর তিনি শুনেছেন।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে. এম আশিকুর রহমান ও সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন জানান, নৌকাডুবির ঘটনায় আহত দুই জেলেকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে প্রশাসনের মাধ্যমে তাঁদের স্বদেশে ফেরত পাঠানো হবে।