জাহাজের ভেতরে দুই শ্রমিকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে থাইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ থেকে পণ্য খালাসে নিয়োজিত দুই শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে বন্দরের ৮ নম্বর জেটিতে গাছের গুঁড়িবাহী ‘এমভি লতিকা নারি’ জাহাজে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মো. আতিক উল্লাহ (৫০) ও মো. খোরশেদ আলম (৫২)। দুজনেই বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর দায়িত্বে নিয়োজিত বেসরকারি সংস্থা পঞ্চরাগ উদয়ন সংস্থায় কর্মরত ছিলেন।

নিহতদের মধ্যে আতিকের বাড়ি নোয়াখালীর সুধারাম থানা এলাকায়। খোরশেদ আলমের বাড়ি লক্ষ্মীপুরে। দুজনের মরদেহ স্বজনেরা গতকাল বিকেলে বাড়িতে নিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।

বন্দর কর্মকর্তারা জানান, ঘটনার সময় জাহাজের ১ ও ৩ নম্বর হ্যাচ (জাহাজের পণ্য রাখার স্থান) থেকে ক্রেনের সাহায্যে গাছের গুঁড়ি খালাস হচ্ছিল। রাতের পালায় (রাত ১২টা থেকে সকাল ৮টা) এ কাজে নিয়োজিত ছিলেন পাঁচজন শ্রমিক। ভোরে চা পানের বিরতির সময় তাঁরা জাহাজের বাইরে যান। বিরতির পর কাজ শুরু হলে দুজনকে দেখতে না পেয়ে অন্য শ্রমিকেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা ওই দুজনকে জাহাজের ২ নম্বর হ্যাচের ভেতরে ঢোকার সিঁড়ির নিচে পড়ে থাকতে দেখেন। ওই হ্যাচটির মূল ঢাকনা বন্ধ ছিল। তবে হ্যাচে ঢোকার ছোট্ট ঢাকনাটি খোলা ছিল। হ্যাচটিতে চট্টগ্রাম বন্দরে নামানোর কোনো পণ্য ছিল না। ওই হ্যাচের পণ্য ভারতের একটি বন্দরে খালাস হওয়ার কথা।

ঘটনাস্থল দেখে বন্দর থানার উপপরিদর্শক রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, জাহাজের ২ নম্বর হ্যাচের খাঁড়া সিঁড়ির নিচে দুজনের নিথর দেহ পড়ে ছিল। একজনের মাথায় ও আরেকজনের পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। সিঁড়ি বেয়ে নামার সময় অন্ধকারে তাঁরা নিচে পড়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

 বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, ভুলে এই দুই শ্রমিক জাহাজের অন্য হ্যাচে ঢুকে পড়েছিলেন।

এর আগে গত সোমবার বিকেলে বন্দরে কনটেইনারের ধাক্কায় জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি মারা যান। তিনি একটি শিপিং এজেন্টের কর্মী ছিলেন।