জাহানারা ইমাম জাদুঘরের কর্মীকে থানায় মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদজননী জাহানারা ইমাম জাদুঘরের এক কর্মীকে থানায় ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে নিউমার্কেট থানার পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। তবে ওই এসআই তা অস্বীকার করেছেন।
রাজধানীর এলিফ্যান্ট রোডে শহীদজননীর বাড়ি ‘কনিকা’ ভেঙে সেখানে একটি ছয়তলা অ্যাপার্টমেন্ট ভবন তৈরি হয়েছে। দোতলার একটি ফ্ল্যাটে জাদুঘরটি করা হয়েছে। প্রতি শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পরিদর্শনের জন্য খোলা থাকে জাদুঘরটি। কনিকা ভবনের তত্ত্বাবধায়ক জয়নুল ইসলাম ওই জাদুঘরটি দেখভাল করেন। তাঁকে পুলিশ ধরে নিয়ে মারধর করেছে বলে অভিযোগ।
জাদুঘরের সহযোগী তত্ত্বাবধায়ক আবু ইউসুফ বলেন, জয়নুল এই ভবনের তত্ত্বাবধায়কের পাশাপাশি জাদুঘরেরও কর্মী। কনিকা ভবনের ফ্ল্যাট মালিক সমিতির সভাপতির স্বামী তাজুল ইসলাম অনেক আগে থেকেই জাদুঘরটির কার্যক্রমে বাধা সৃষ্টির চেষ্টা করছিলেন। জয়নুল ভবনের পাশাপাশি জাদুঘরে কাজ করেন বলেই তাঁর প্রতি তাজুল ইসলামের এত আক্রোশ। সম্প্রতি বিনা নোটিশে জয়নুলকে চাকরিচ্যুত করা হয়। এরপর জয়নুল তাঁর পাওনা টাকা চাইলে পুলিশকে দিয়ে মারধর করা হয়।
জয়নুল প্রথম আলোকে বলেন, আগস্ট মাসে ভবন মালিক সমিতির সভাপতির স্বামী তাজুল ইসলাম তাঁকে চাকরিচ্যুত করার কথা জানান। তখন জয়নুল তাঁকে বলেন, নিয়ম অনুযায়ী তাঁকে অন্তত তিন মাস সময় দিতে হবে। সেপ্টেম্বর শুরুর পরে একদিন পুলিশ এসে তাঁকে ওই ভবন ছাড়তে বলে যায়। এরপর ৬ সেপ্টেম্বর নিউমার্কেট থানার এসআই মমিনুল তাঁকে ফোন করে রাত নয়টার দিকে থানায় যেতে বলেন। তিনি থানায় গিয়ে দেখেন, ভবন মালিক সমিতির সভাপতি ও তাঁর স্বামী তাজুল ইসলাম থানার এসআইদের কক্ষে বসে আছেন। এসআই মমিনুল রাত সাড়ে নয়টা থেকে তাঁকে মারধর শুরু করেন। পরে সাদা কাগজে সই নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
তবে এসআই মমিনুল মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, চার মাস আগে ভবনের মালিক সমিতি জয়নুলকে চলে যেতে বলে। মালিক সমিতি পুলিশকে জানায়, জয়নুলকে ২৪ ঘণ্টা ভবনে থাকতে বলা হয়েছিল। কিন্তু তিনি ১২ ঘণ্টা থাকেন, রাতে থাকেন না। এ কারণে মালিক সমিতি চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়। পুলিশ জয়নুলকে মৌখিকভাবে ভবন ছাড়তে বললেও তিনি ছাড়েননি। এরপর থানায় ডেকে নেওয়া হয়।
ভবন মালিক সমিতির সভাপতির স্বামী তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, চার মাস আগেই জয়নুলকে চাকরিচ্যুত করার কথা জানিয়ে দেওয়া হয়। এরপরও তিনি না গেলে তাঁরা পুলিশের দ্বারস্থ হন। থানায় বসে এক মাসের অতিরিক্ত বেতন দিতে সম্মত হয় মালিক সমিতি।
তাজুল ইসলাম দাবি করেন, জয়নুল কনিকা ফ্ল্যাটের তত্ত্বাবধায়ক। তিনি জাদুঘরে কাজ করে থাকলে তা অবৈধভাবে করে আসছেন।