
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ নেতা রেজাউল করিম রেজা হত্যা মামলার অন্যতম আসামি মো. জাহিদুল ইসলাম ওরফে কালা জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাহিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত রামদা।
গত শুক্রবার বিকেলে ঢাকার বাড্ডা থানার খিলবাড়ী এলাকার একটি মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জাহিদ এই হত্যা মামলার ২ নম্বর আসামি।
গতকাল শনিবার বেলা একটায় জাহিদকে নিয়ে অভিযানে গিয়ে পুলিশ পলিটেকনিক ইনস্টিটিউটের পেছনের ডোবা থেকে হত্যায় ব্যবহৃত রামদা উদ্ধার করে। গতকাল বেলা তিনটায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জাহিদ। বরিশাল কোতোয়ালি মডেল থানা-পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা রেজাউল হত্যা মামলার অন্যতম আসামি ঢাকায় আত্মগোপনে আছেন—এমন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার এসআই আবু তাহের, দেলোয়ার হোসেনের নেতৃত্বে চার সদস্যর একটি দল গত বুধবার ঢাকায় অভিযানে যায়। পরে তারা বাড্ডা থানা-পুলিশের সহায়তা নিয়ে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। শুক্রবার রাত তিনটার দিকে তাঁকে বরিশালে আনা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান বলেন, রেজাউল হত্যার ২ নম্বর আসামি মো. জাহিদুল ইসলাম। তাঁকে গত শুক্রবার ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বেলা তিনটায় জাহিদকে মো. রফিকুল ইসলামের আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। জাহিদ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রেজাউল হত্যায় নেতৃত্ব দেওয়ার কথা বলেছেন। এ ছাড়া তাঁর সঙ্গে অন্য কারা ছিলেন, সে তথ্যও দিয়েছেন। তবে মামলার তদন্তের স্বার্থে ওই সব নাম এবং গুরুত্বপূর্ণ তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না।
প্রসঙ্গত, গত ২৭ মে রাতে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে দলীয় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রেজাউলসহ চারজন আহত হন। হাসপাতালে নেওয়ার পর রেজাউল মারা যান। এর দুই দিন পর রেজাউলের বড় ভাই বাদী হয়ে মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনসহ ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। ওই দিন রাতেই লঞ্চে করে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় মামলার অন্যতম আসামি যুবলীগ কর্মী মেহেদীকে মাঝনদীতে লঞ্চ থেকে গ্রেপ্তার করে পুলিশ।